স্টাফ রিপোর্টার ॥ আসন্ন শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে চুনারুঘাট ও মাধবপুর সীমান্ত দিয়ে মাদকসহ বিভিন্ন পণ্য অবাধে প্রবেশের অভিযোগ উঠেছে। রাতের আঁধারে সীমান্তপথে ইয়াবা, ফেনসিডিল, বিদেশি মদ, গাঁজাসহ বিভিন্ন পণ্য জেলার অভ্যন্তরে ঢুকছে বলে স্থানীয়দের অভিযোগ। জানা গেছে, চুনারুঘাট উপজেলার বাল্লা, গুইবিল এবং মাধবপুর উপজেলার ধর্মঘরসহ বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে প্রতিদিন রাত ১২টার পর থেকে ভোর পর্যন্ত মাদক ও বিভিন্ন পণ্য প্রবেশ করছে। সীমান্ত পার হওয়ার পর এসব পণ্য পৌঁছে যাচ্ছে স্থানীয় কারবারিদের হাতে। পরে বিভিন্ন মাধ্যমে তা জেলার বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ছে বলে অভিযোগ রয়েছে।
স্থানীয় সূত্রগুলোর দাবি, দুর্গাপূজাকে কেন্দ্র করে মাদকের চাহিদা বাড়ার সুযোগ নিয়ে একটি চক্র সীমান্তে সক্রিয় হয়ে উঠেছে। বিশেষ করে রাত গভীর হলে সীমান্তের বিভিন্ন অরতি পথ ব্যবহার করে মাদক আনা-নেওয়া করা হচ্ছে।
অভিযোগ রয়েছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু অসাধু সদস্যকে ম্যানেজ করে একটি চক্র দীর্ঘদিন ধরে সীমান্ত দিয়ে মাদক প্রবেশ করাচ্ছে। তবে এ অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। এদিকে দুর্গাপূজাকে সামনে রেখে সীমান্ত এলাকায় মাদকবিরোধী অভিযান জোরদার এবং রাতের টহল বাড়ানোর দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাদের আশঙ্কা, মাদকের অবাধ প্রবেশ ঠেকানো না গেলে পূজাকে কেন্দ্র করে তরুণদের মধ্যে মাদক ছড়িয়ে পড়ার পাশাপাশি আইনশৃৃঙ্খলা পরিস্থিতিরও অবনতি ঘটতে পারে।