স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার কাশিমনগরে তরুণ সমাজকে খেলাধুলার মাধ্যমে মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে সুস্থ ও সুন্দর সমাজ গঠনের প্রত্যয়ে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে “মোহাম্মদ আলী স্পোর্টিং ক্লাব”।
এ উপলক্ষে তরুন সমাজ সেবক সুমন আহমেদ’র সভাপতিত্বে উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, চৌমুহনী ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান সোহাগ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর বিএনপির সাধারন সম্পাদক আলাউদ্দিন আল রনি, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ মাসুকুর রহমান, এস.আই দেলোয়ার হোসেন, উপজেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক তারেক রহমান, আইন বিষয়ক সম্পাদক এড.ইয়াকুব খাঁন, আইডিয়াল কিন্ডারগার্টেন এর প্রতিষ্ঠা লোকমান হাকিম, বিআরডিবি চেয়ারম্যান হুমায়ুন কবির, সাবেক ইউ/পি ইউনুস মিয়া প্রমুখ। অনুষ্ঠানে এলাকার ক্রীড়াপ্রেমী, সমাজসেবক, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি শৃঙ্খলা, নেতৃত্ব, সৌহার্দ্য ও মানবিক মূল্যবোধ গড়ে তোলার অন্যতম শক্তিশালী মাধ্যম। তরুণদের মেধা ও প্রতিভা বিকাশে ক্লাবটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। নিয়মিত ফুটবল, ক্রিকেট, ভলিবলসহ বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা, সামাজিক ও মানবিক কার্যক্রম এবং সাংস্কৃতিক উদ্যোগ পরিচালনা করা হবে। পাশাপাশি এলাকার মেধাবী ও উদীয়মান খেলোয়াড়দের খুঁজে বের করে তাদের প্রশিক্ষণ ও উৎসাহ দেয়া হবে।