স্টাফ রিপোর্টার ॥ জাতীয় সংসদের হুইপ ও হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জি কে গউছ হবিগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তিনি কারাগারের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং বন্দিদের আবাসন, খাদ্য, চিকিৎসা, নিরাপত্তা ও সার্বিক সুযোগ-সুবিধার বিষয়ে খোঁজখবর নেন। এ সময় তিনি কয়েকজন বন্দির সঙ্গে কথা বলে তাদের সমস্যার কথাও শোনেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। পরে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. জি এম সরফরাজের সভাপতিত্বে কারা পরিদর্শক বোর্ডের এক সভা অনুষ্ঠিত হয়। সভায় কারাগারের সার্বিক ব্যবস্থাপনা, বন্দিদের কল্যাণ, স্বাস্থ্যসেবা, নিরাপত্তা, পুনর্বাসন এবং সংশোধনমূলক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় জেল সুপার মুজিবুর রহমান, কারা পরিদর্শক অ্যাডভোকেট আবুল ফজল, গোলাম মাওলা, অ্যাডভোকেট কামাল উদ্দিন সেলিম, এমদাদুল হক ইমরান, আশরাফুল ইসলাম কহিনুর, সৈয়দা লাভলী সুলতানা ও সুরাইয়া খানম রাখি, এবং জেলার বেলাল উদ্দিন উপস্থিত ছিলেন।
এর আগে জেল সুপার মুজিবুর রহমান এবং জেলার বেলাল উদ্দিন উপস্থিতে কারা প্রাঙ্গণে হুইপ জি কে গউছকে গার্ড অব অনার প্রদান করা হয়। সভায় হুইপ জি কে গউছ বলেন, কারাগার শুধু অপরাধীদের সাজা ভোগের স্থান নয়, এটি মানুষকে সংশোধন করে সমাজে পুনর্বাসনের একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। বন্দিদের মানবিক মর্যাদা নিশ্চিত করতে হবে। তারা যেন মুক্তি লাভের পর সমাজের বোঝা না হয়ে দ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে নতুন জীবন শুরু করতে পারে, সে লক্ষ্যেই সংশোধনমূলক কার্যক্রম আরও জোরদার করা প্রয়োজন। তিনি আরও বলেন, বন্দিদের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করতে বিনোদন, বিশুদ্ধ পানি এবং আরামদায়ক পরিবেশের প্রয়োজন রয়েছে। এ লক্ষ্যে তিনি কারাগারে বন্দিদের বিনোদনের জন্য ১০টি টেলিভিশন, ২৪টি ওয়ার্ডে ব্যবহারের জন্য ৩০টি সিলিং ফ্যান এবং বিশুদ্ধ পানির ব্যবস্থা নিশ্চিত করতে ২টি ডিপ টিউবওয়েল প্রদান করার ঘোষণা দেন।
সভায় কারাগারের অবকাঠামোগত উন্নয়ন, চিকিৎসাসেবা সম্প্রসারণ, পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা এবং বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে বন্দিদের দক্ষ করে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়। উপস্থিত সদস্যরা বন্দিদের কল্যাণে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।