স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে হবিগঞ্জ পৌরসভা। গতকল মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় এই অভিযান শুরু হয় শহরের জজকোর্টের সামনের রাস্তা হতে। পর্যায়ক্রমে কলেজ রোড, রাজনগর, মহিলা কলেজ রোড ও পিটিআই রোডে এ অভিযান পরিচালিত হয়। এ সময় রাস্তার পাশে অবৈধভাবে রাখা বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করা হয়। পৌরসভার এক্সকেভেটর দিয়ে কিছু কিছু অবৈধ স্থাপনা গুড়িয়ে দেয়া হয়। রাজনগরে একটি বাসার নতুন দেয়াল যা পৌরসভার ড্রেনের উপর ছিল তাও গুড়িয়ে দেয়া হয়। সম্প্রতি হবিগঞ্জ পৌরসভা পৌরএলাকায় রাস্তার পাশের অবৈধ স্থাপনা, পৌরসভার ড্রেনের উপর অথবা পার্শ্ব ঘেষে সিড়ি ও ঢালাইকাজ, সাইন বোর্ড, ফেস্টুন, ভাসমান দোকান, ফুটপাতের উপর সেড, রাস্তার পাশের নির্মাণ সামগ্রী ইত্যাদি সড়িয়ে নিতে মাইকিং করে প্রচার করে। উক্ত প্রচারের পরও কিছু অসাধু মহল ইচ্ছা মাফিক আইন অমান্য করে এ সমস্ত অবৈধ স্থাপনা করা অব্যাহত রাখে। ফলে হবিগঞ্জ পৌরকর্তৃপক্ষ পৌরসভা মাসিক সভায় আলোচনা করে উচ্ছেদ অভিযান শুরু করে। গতকাল মঙ্গলবারের উচ্ছেদ অভিযানে হ্যান্ড মাইকে জানিয়ে দেয়া হয় ফুটপাত বা ড্রেনের উপর টিন, শেড, সিড়ি বা যে কোন অবৈধ স্থাপনা দ্রুত সড়িয়ে না নিলে পৌরসভা উচ্ছেদ অভিযানসহ দোষী ব্যক্তির উপর আইনানুগ ব্যবস্থা গ্রহন করবে। এই অভিযানে হবিগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাবেদ ইকবাল চৌধুরীসহ পুলিশ প্রশাসনের একটি টিম এবং পৌরসভার কর্মকর্তা, কর্মচারী, স্বেচ্ছাসেবক, শ্রমিক উচ্ছেদ অভিযান পরিচালনাকারী দলে অংশ গ্রহন করেন। মোহাম্মদ জাবেদ ইকবাল চৌধুরী বলেন জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।