স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা কারাগারের বেসরকারি কারা পরিদর্শক হিসেবে ৯ জন বেসরকারি কারা পরিদর্শক নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে ২ জন সংসদ সদস্যসহ ৭ বিশিষ্ট ব্যক্তি রয়েছেন। সিলেট বিভাগীয় কমিশনার মশিউর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বুধবার আগামী ২ বছরের জন্য তাদের এই নিয়োগ দেওয়া হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, কারাবিধি ৫৬(১) ধারা মোতাবেক নিয়োগ পাওয়া দুইজন সংসদ সদস্য হলেন, জাতীয় সংসদের হুইপ ও হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জি কে গউছ এবং হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এস এম ফয়সল। এছাড়া কারাবিধি ৫৬(২) ধারা অনুযায়ী নিয়োগ পাওয়া সাতজন বিশিষ্ট ব্যক্তি হলেন স্পেশাল পিপি কামাল উদ্দিন আহমেদ, অ্যাডভোকেট আবুল ফজল জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এমদাদুল হক ইমরান, মহিলা দলের সাধারণ সম্পাদক সৈয়দা লাভলী সুলতানা, সাংবাদিক আশরাফুল ইসলাম কহিনুর, মো. গোলাম মাওলা এবং সুরাইয়া আক্তার খানম। বেসরকারি কারা পরিদর্শক পদটি একটি অলাভজনক ও অবৈতনিক পদ। নবনিযুক্ত এই পরিদর্শকরা কারাগারের অভ্যন্তরে বন্দিদের জন্য স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করা, মানসম্মত খাবার তদারকি, মাদক সমস্যার সমাধান, অসুস্থ বন্দিদের সুচিকিৎসা নিশ্চিতকরণ এবং মানবাধিকার লংঘন বা শাস্তির অপপ্রয়োগ রোধে তদারকির দায়িত্ব পালন করবেন। তবে জনগণের প্রত্যাশা বেসরকারি কারা পরিদর্শকরা কারাগারের সকল দুর্নীতির বিরুদ্ধে সবসময় সজাগ ভূমিকা রাখবেন এবং যারা টাওয়ারে রয়েছে তাদেরকে স্বাভাবিক বন্দিদের সাথে রাখার ব্যবস্থা করবেন।