স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলার পাশর্^বর্তী মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই কলেজ ছাত্র নিহত হয়েছে। গতকাল রোববার (২৮ জুন) বিকেলে শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও এলাকায় ‘চা কন্যা’ ভাস্কর্যের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-হবিগঞ্জ সদর উপজেলার তেঘুরিয়া এলাকার মো. রমজান মিয়ার ছেলে সৌরভ (১৭) এবং একই এলাকার তাজুল ইসলামের ছেলে নাঈম (১৭)। এ ঘটনায় ছাব্বির নামের আরও এক কিশোর আহত হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকালে তিন কিশোর একটি মোটরসাইকেলে করে হবিগঞ্জ থেকে শ্রীমঙ্গলের দিকে আসছিলেন। পথে সাতগাঁও চা কন্যা ভাস্কর্যের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা হানিফ এন্টারপ্রাইজের একটি বাসের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. নাবিল জানান, সড়ক দুর্ঘটনায় তিনজনকে হাসপাতালে আনা হয়েছিল। তাদের মধ্যে দুজন হাসপাতালে আনার আগেই মারা যান। আহত ছাব্বির আহমেদকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
দুর্ঘটনায় দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে শ্রীমঙ্গল সাতগাঁও হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন রহমান বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। ঘাতক বাসের চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। তবে দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। মোটরসাইকেলটিও পুলিশ হেফাজতে রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।