স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ উপজেলার ১১নং ব্রাহ্মণডোরা ইউনিয়নের ব্রাহ্মণডোরা গ্রামে জায়গা-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের ফিকলের আঘাতে কলম চান আবুনি (৬৫) নামে এক সাবেক নারী ইউপি সদস্যের মৃত্যুর অভিযোগ উঠেছে। গতকাল শনিবার বিকালে এ ঘটনা ঘটে। নিহতের ছেলে বাবুল মিয়া অভিযোগ করে জানান, দীর্ঘদিন ধরে জায়গা-সংক্রান্ত বিরোধের জেরে গতকাল শনিবার বিকালে একই গ্রামের ফারুক মিয়া, জুনেদ, ইমন, মবিন এর বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে প্রতিপক্ষ ফিকল দিয়ে আঘাত করে। এতে তিনি বুকে গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ বিষয়ে পুলিশ জানায়, ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে শায়েস্তাগঞ্জ থানার ওসি জানান, অভিযুক্তদের ধরতে অভিযান অব্যাহত আছে।