শনিবার, ০৬ জুন ২০২৬, ১১:৪২ অপরাহ্ন

চুনারুঘাটে ফুটবলার কাজল গোল্ডকাপ টুর্নামেন্ট সম্পন্ন

  • আপডেট টাইম শনিবার, ৬ জুন, ২০২৬
  • ০ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে ফুটবলার কাজল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে দুর্দান্ত পারফরম্যান্স করে চ্যাম্পিয়ন হয়েছে চুনারুঘাট উপজেলা ফুটবল একাডেমি। শক্তিশালী প্রতিপক্ষ হবিগঞ্জ প্লেয়ার্স ইউনিটিকে ৩-০ গোলে পরাজিত করে শিরোপা নিজেদের ঘরে তোলে একাডেমির খেলোয়াড়রা। গতকাল শুক্রবার বিকেল ৪টায় চুনারুঘাট ডিসিপি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হাই-ভোল্টেজ এই ফাইনাল ম্যাচ উপভোগ করতে মাঠে ভিড় করে প্রায় অর্ধ লাখ ফুটবল প্রেমী দর্শক। খেলার শুরু থেকেই দুই দলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা দেখা গেলেও মাঠের খেলায় আধিপত্য বজায় রেখে চুনারুঘাট উপজেলা ফুটবল একাডেমি গুরুত্বপূর্ণ এই জয় নিশ্চিত করে।
ম্যাচজুড়ে একাডেমির খেলোয়াড়দের সমন্বিত আক্রমণ, শক্তিশালী রক্ষণভাগ এবং কৌশলগত ফুটবল দর্শকদের মুগ্ধ করে। প্রতিটি মুহূর্তে মাঠে ছিল উত্তেজনা, আর গ্যালারিজুড়ে ছিল সমর্থকদের প্রাণবন্ত উচ্ছ্বাস। প্রিয় দলের পক্ষে স্লোগান ও করতালিতে মুখর হয়ে ওঠে পুরো স্টেডিয়াম এলাকা।
দলের এই সাফল্যে আনন্দ প্রকাশ করেছেন একাডেমির কর্মকর্তা, কোচ, খেলোয়াড়, পৃষ্ঠপোষক ও শুভানুধ্যায়ীরা।
একাডেমির সদস্য মাজেদুল ইসলাম লুবন জানান, দীর্ঘদিনের কঠোর পরিশ্রম, নিয়মিত অনুশীলন ও সুপরিকল্পিত প্রস্তুতির ফল হিসেবেই এই সাফল্য অর্জিত হয়েছে। ভবিষ্যতেও একাডেমির খেলোয়াড়রা আরও বড় সাফল্য অর্জন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।
চুনারুঘাট উপজেলা ফুটবল একাডেমির সাধারণ সম্পাদক সাজিদুল ইসলাম বলেন, “এই বিজয়ে স্থানীয় ক্রীড়াঙ্গনে উৎসবের আমেজ বিরাজ করছে। ফুটবলপ্রেমীরা খেলোয়াড়দের অভিনন্দন জানাচ্ছেন এবং তাদের আগামী দিনের সাফল্য কামনা করছেন।”
খেলা শেষে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার এস.এম. সালিমুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসান, পৌরসভার সাবেক মেয়র নাজিম উদ্দিন সামসু, উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মনিরুল ইসলাম তালুকদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মীর সিরাজ, উপজেলা জামায়াতের সেক্রেটারি মীর ছায়েব আলী, চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) আল আমিন মীর, বিশিষ্ট ব্যবসায়ী নুরুল ইসলাম তোতা, বিএনপি নেতা সামসুল হক তালুকদার, চুনারুঘাট প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ ফারুক উদ্দিন চৌধুরী, উপজেলা যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট মোজাম্মেল চৌধুরী, যুগ্ম আহ্বায়ক সফিক মিয়া মহালদার, যুগ্ম আহ্বায়ক আজাদ তালুকদার, যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম সুজন, সিসিটিএন এর পরিচালক নাসির উদ্দীন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুর রহমান, সদস্য সচিব মারুফ আহমেদ, যুগ্ন আহবায়ক শাহ নেওয়াজ, কলেজ ছাত্রদলের সভাপতি জামশেদ আলী রাসেল সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
খেলা পরিচালনার দায়িত্বে ছিলেন সাবেক কাউন্সিলর আব্দুল হান্নান, মাজেদুল ইসলাম লুবন, সাজিদুল ইসলাম, সফিউল আলম শাফি, আব্দুর রহমানসহ অনেকে।
চুনারুঘাট উপজেলা ফুটবল একাডেমির সভাপতি ফারুক আহমেদ লিপু টুর্নামেন্ট সফলভাবে সম্পন্ন করতে সহযোগিতা করা সকল ব্যক্তি, প্রতিষ্ঠান, পৃষ্ঠপোষক ও দর্শকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com