স্টাফ রিপোর্টার ॥ সিলেটে অনুষ্ঠিত ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিভাগীয় বিজ্ঞান মেলা-২০২৬ এ গৌরবোজ্জ্বল ও ঐতিহাসিক সাফল্য অর্জন করেছে হবিগঞ্জের শীর্ষস্থানীয় সংগঠন ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’। মেলায় নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে ক্লাবটির দুটি শাখা যথাক্রমে প্রথম (১ম) ও দ্বিতীয় (২য়) স্থান অর্জন করার বিরল গৌরব লাভ করেছে। গতকাল রবিবার (১৭ মে) বিকালে সিলেট জেলা স্টেডিয়াম সংলগ্ন মোহাম্মদ আলী জিমনেসিয়ামে তিন দিনব্যাপী এই মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেওয়া হয়। সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয় আয়োজিত এই মেলায় বিভিন্ন জেলার সেরা প্রতিষ্ঠান ও বিজ্ঞান ক্লাবগুলোর সাথে তীব্র প্রতিদ্বন্দ্বিতা করে এই অনন্য গৌরব ছিনিয়ে আনে হবিগঞ্জের এই তরুণ উদ্ভাবকরা। মেলায় ‘বিশেষ গ্রুপ’-এ অংশ নিয়ে নিজেদের যুগান্তকারী ও প্রযুক্তিনির্ভর দুটি প্রকল্প “ভিশন-ঢ” (ঠরংরড়হং-ঢ) এবং “মিশন-ঢ” (গরংংরড়হ-ঢ) প্রদর্শন করে বিচারকদের সর্বোচ্চ নম্বর অর্জন করে ক্লাবটি। চমৎকার ও দূরদর্শী এই প্রজেক্ট দুটি মেলা প্রাঙ্গণে প্রথম দিন থেকেই দর্শনার্থী ও বিচারকমণ্ডলীর মাঝে ব্যাপক সাড়া ফেলে। হবিগঞ্জের তরুণদের এই অভূতপূর্ব সাফল্যে সিলেট বিভাগীয় বিজ্ঞান মেলা কমিটির পক্ষ থেকে বিশেষ অভিনন্দন জানানো হয়েছে। কমিটির দায়িত্ব¡প্রাপ্ত কর্মকর্তারা পুরস্কার বিতরণী মঞ্চে উদ্ভাবনী বিজ্ঞান ক্লাবের ভূয়সী প্রশংসা করে বলেন, হবিগঞ্জের উদ্ভাবনী বিজ্ঞান ক্লাবের ‘ভিশন-ঢ’ ও ‘মিশন-ঢ’ প্রজেক্ট দুটির কারিগরি কৌশল এবং মেম্বারদের উপস্থাপনা ছিল আন্তর্জাতিক মানের। তরুণদের মাঝে বিজ্ঞানকে ছড়িয়ে দিতে এবং প্রযুক্তিনির্ভর সমাজ গঠনে এই ক্লাবটি যেভাবে কাজ করছে তা সত্যিই অনন্য। ১ম ও ২য় স্থান অর্জন করায় আমরা বিভাগীয় কমিটির পক্ষ থেকে তাদের আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।
একই সাথে ক্লাবের এই অবিস্মরণীয় সাফল্যে তাৎক্ষণিক অভিনন্দন জানিয়েছেন হবিগঞ্জের সম্মানিত জেলা প্রশাসক (ডিসি)। তিনি এক বার্তায় বলেন, “উদ্ভাবনী বিজ্ঞান ক্লাবের এই অর্জন প্রমাণ করে যে আমাদের অঞ্চলের তরুণদের মাঝে মেধা ও সৃজনশীলতার কোনো কমতি নেই। ‘ভিশন-ঢ’ ও ‘মিশন-ঢ’ নিয়ে ১ম ও ২য় স্থান অর্জন করে তারা পুরো জেলাকে সম্মানিত করেছে। উদ্ভাবনী বাংলাদেশ বিনির্মাণে এই তরুণরাই আগামী দিনে নেতৃত্ব দেবে। জেলা প্রশাসনের পক্ষ থেকে এই কৃতি উদ্ভাবকদের এবং ক্লাবের পরিচালনা পর্ষদকে জানাই আন্তরিক অভিনন্দন।”
এই ঐতিহাসিক সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করে উদ্ভাবনী বিজ্ঞান ক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি জনাব মোহাম্মদ মোশাহিদ মজুমদার বলেন, এটি আমাদের পুরো হবিগঞ্জ জেলার জয়। আমাদের সদর ও বাহুবল শাখার সদস্যরা গত তিন দিন ধরে মোহাম্মদ আলী জিমনেসিয়ামে যে পরিশ্রম ও মেধা দেখিয়েছে, এই ট্রফি তারই স্বীকৃতি। ‘ভিশন-ঢ’ ও ‘মিশন-ঢ’ প্রকল্পের মাধ্যমে আমরা যে স্বপ্ন দেখেছিলাম, তা আজ বিভাগীয় পর্যায়ে ডানা মেললো। বিভাগীয় কমিটি ও জেলা প্রশাসনের এই অভিনন্দন আমাদের সামনের পথচলায় আরও বেশি অনুপ্রেরণা যোগাবে। এখন আমাদের লক্ষ্য জাতীয় পর্যায়েও এই সাফল্যের ধারা বজায় রেখে দেশের নাম উজ্জ্বল করা। এছাড়াও জুনিয়র গ্রুপে প্রকল্প উপস্থাপনায় ১ম স্থান অর্জন করে দক্ষিণ চরণ পাইলট উচ্চ বিদ্যালয় চুনারুঘাট ও সিনিয়র গ্রুপে ১ম স্থান অর্জন করে আলিফ সোবহান সরকারি কলেজ, বাহুবল।
গত ১৫ মে থেকে শুরু হওয়া এই মেলায় উদ্ভাবনী প্রকল্প প্রদর্শনী, বিজ্ঞান অলিম্পিয়াড এবং কুইজ প্রতিযোগিতায় অংশ নিয়েছিল ক্লাবটি। সমাপনী দিনে দুটি শীর্ষ পুরস্কার একযোগে নিজেদের ঝুলিতে পোরায় জেলাজুড়ে বিজ্ঞান অনুরাগী ও সাধারণ মানুষের মাঝে আনন্দের বন্যা বইছে।