স্টাফ রিপোর্টার ॥ সিলেট বিভাগীয় পর্যায়ে অনুষ্ঠিতব্য ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা ২০২৬-এ অংশ নিচ্ছে হবিগঞ্জ জেলার অন্যতম শীর্ষস্থানীয় বিজ্ঞান সংগঠন ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব হবিগঞ্জ’। আগামী ১৫, ১৬ ও ১৭ মে সিলেট নগরীর ঐতিহাসিক কাজী নজরুল ইসলাম অডিটোরিয়ামে এই মেলা ও প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। মেলায় জেলা কেন্দ্রীয় বিজ্ঞান ক্লাবের অধীনে থাকা সংগঠনের দুটি গুরুত্বপূর্ণ শাখা উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব, হবিগঞ্জ সদর এবং উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব, বাহুবল উপজেলা শাখা জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করে বিভাগীয় প্রতিযোগিতায় অংশগ্রহণ নিশ্চিত করেছে।
বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে আয়োজিত এই মেলায় হবিগঞ্জ জেলার তরুণ উদ্ভাবকরা তাদের মেধা ও সৃজনশীলতা প্রদর্শন করবেন। এই অংশগ্রহণ নিয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে ইতিবাচক প্রশংসা ও উৎসাহ প্রদান করা হয়েছে।
হবিগঞ্জের জেলা প্রশাসক মহোদয় এই মহতী উদ্যোগের প্রশংসা করে বলেন: বিজ্ঞান ও প্রযুক্তির উৎকর্ষ সাধনই স্মার্ট বাংলাদেশ গড়ার মূল চাবিকাঠি। আমাদের হবিগঞ্জের তরুণরা উদ্ভাবনী বিজ্ঞান ক্লাবের মাধ্যমে যেভাবে নতুন নতুন প্রযুক্তি নিয়ে কাজ করছে, তা সত্যিই প্রশংসনীয়। বিভাগীয় পর্যায়ের এই মেলায় সদর ও বাহুবল শাখার অংশগ্রহণ আমাদের জেলার জন্য অত্যন্ত গৌরবের। আমি বিশ্বাস করি, তাদের এই মেধা ও পরিশ্রম জাতীয় পর্যায়েও অনন্য দৃষ্টান্ত স্থাপন করবে। জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের সকল সৃজনশীল কাজের প্রতি আমাদের পূর্ণ সমর্থন ও সহযোগিতা থাকবে।”
ক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি জনাব মোহাম্মদ মোশাহিদ মজুমদার বলেন: “আমাদের লক্ষ্য কেবল প্রতিযোগিতায় অংশ নেওয়া নয়, বরং তরুণ প্রজন্মের মাঝে বিজ্ঞানকে জনপ্রিয় করা এবং নতুন নতুন উদ্ভাবনের মাধ্যমে দেশের সমস্যা সমাধানে ভূমিকা রাখা। এবার সদর ও বাহুবল, উভয় শাখার সদস্যরা অত্যন্ত পরিশ্রম করে তাদের প্রজেক্টগুলো তৈরি করেছে। আমি আশাবাদী, বিভাগীয় পর্যায়ে আমাদের উদ্ভাবনী চিন্তাগুলো প্রশংসিত হবে এবং আমরা জাতীয় পর্যায়ে হবিগঞ্জ জেলাকে গর্বিত করতে পারব।”
উল্লেখ্য, উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব দীর্ঘদিন ধরে হবিগঞ্জ জেলায় বিজ্ঞান শিক্ষা প্রচার, রোবোটিক্স এবং তরুণদের কারিগরি দক্ষতায় উদ্বুদ্ধ করতে কাজ করে যাচ্ছে। ইতিপূর্বেও বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় ক্লাবটি সাফল্যের স্বাক্ষর রেখেছে। বিভাগীয় পর্যায়ের এই প্রতিযোগিতায় নিজেদের মেধা ও সৃজনশীলতা প্রদর্শন করে তারা সাফল্যের ধারা অব্যাহত রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্ট সকলে।