স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে সিমেন্টের বস্তার ভেতর লুকিয়ে পাচারের সময় ২৯ কেজি গাঁজাসহ ২ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাকও জব্দ করা হয়।
গতকাল মঙ্গলবার (৬ মে) দিবাগত রাত দেড়টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর পৌরসভা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে র্যাব-৯-এর শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল। গ্রেপ্তারকৃতরা হলেন- কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার করিম (৪০) ও মো. মেহেদী হাসান (৩২)। র্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে যে সীমান্ত এলাকা থেকে গাঁজার একটি বড় চালান ট্রাকে করে ঢাকার দিকে নেয়া হচ্ছে। এই তথ্যের ভিত্তিতে র্যাব-৯-এর শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল মাধবপুর বাজার এলাকায় ওত পেতে থাকে। এরপর রাত ১টা ৩৫ মিনিটের দিকে একটি লাল-নীল রঙের সন্দেহভাজন ট্রাককে থামার সংকেত দেয় র্যাব। এ সময় ট্রাক ফেলে ২ ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে তাদেরকে আটক করা হয়। পরে ট্রাকে তল্লাশি চালিয়ে সিমেন্টের বস্তার ভেতর থেকে স্কচ টেপে মোড়ানো অবস্থায় ২৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
র্যাব-৯-এর মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা স্বীকার করেছেন যে তারা সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে বিক্রির উদ্দেশে নিয়ে যাচ্ছিলেন। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর গ্রেপ্তার ব্যক্তিদের ও জব্দকৃত আলামত মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।