স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ রেঞ্জে বন বিভাগের বিশেষ অভিযানে অবৈধভাবে পরিবহনকৃত আকাশমণি গোলকাঠসহ একটি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়েছে। গত শুক্রবার (১৭ এপ্রিল) গভীর রাতে পুটিজুরি বিট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। বন বিভাগ সূত্রে জানা যায়, রেঞ্জ কর্মকর্তা তোফায়েল আহমেদ চৌধুরীর নির্দেশনায় বিট কর্মকর্তা মিনহাজ উদ্দিনের নেতৃত্বে একটি টিম অভিযান চালায়। রাত আনুমানিক ১২টার দিকে ৭৭ মুখ এলাকায় সন্দেহভাজন একটি সিএনজি থামানোর চেষ্টা করলে বন কর্মকর্তাদের উপস্থিতি টের পেয়ে গাছচোর ও চালক দ্রুত পালিয়ে যায়। পরে তল্লাশি চালিয়ে সিএনজি থেকে ৭ টুকরা আকাশমণি গোলকাঠ উদ্ধার করা হয়, যার পরিমাণ প্রায় ১১ দশমিক ৮৯ ঘনফুট। ধারণা করা হচ্ছে, বনাঞ্চল থেকে অবৈধভাবে গাছ কেটে এসব কাঠ পরিবহন করা হচ্ছিল। অভিযান শেষে জব্দকৃত কাঠ ও সিএনজি শায়েস্তাগঞ্জ রেঞ্জ কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্তে কাজ চলছে এবং তাদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে বন বিভাগ জানিয়েছে। স্থানীয়রা জানান, সাম্প্রতিক সময়ে এ অঞ্চলে বনজ সম্পদ চুরি ও অবৈধ কাঠ পরিবহনের ঘটনা বেড়েছে। এসব প্রতিরোধে বন বিভাগের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।