এক্সপ্রেস ডেস্ক ॥ দেশের সাধারণ নাগরিককে হাতে পাসপোর্ট পেতে পোহাতে হয় নানা ঝক্কি। অথচ অনায়াসে পাসপোর্ট পেয়ে যাচ্ছেন বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গারা। পাসপোর্ট অধিদফতরের দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারীদের সহযোগিতায় বাংলাদেশি পাসপোর্ট পাচ্ছে রোহিঙ্গা জনগোষ্ঠী। এসব পাসপোর্ট ব্যবহার করে ‘বাংলাদেশি’ পরিচয়ে তারা ছড়িয়ে পড়ছে বিশ্বের বিভিন্ন প্রান্তে। সেখানে জড়িয়ে পড়ছে অবৈধ কর্মকা-ের সঙ্গে। এতে বিদেশে বাংলাদেশের ভাবমর্যাদা ক্ষুণ্ন্ন হচ্ছে। পাসপোর্টের মানও কমছে। অথচ রোহিঙ্গাদের নামে পাসপোর্ট ইস্যু প্রক্রিয়ার সঙ্গে যারা জড়িত, তারা থেকে যাচ্ছেন ধরাছোঁয়ার বাইরে। রোহিঙ্গাদের নামে পাসপোর্ট ইস্যুতে গড়ে উঠেছে শক্তিশালী চক্র। পাসপোর্টের কর্মকর্তা-কর্মচারীরাই পৃষ্ঠপোষকতা দেন এ চক্রটিকে। এ বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগ থাকলেও সংশ্লিষ্টদের বিরুদ্ধে তদন্ত হয় দায়সারা গোছের। প্রতিবেদনে চক্রের মূল হোতাদের খুব একটা ঘাটানো হয় না। ‘ধরা পড়া’ অধঃস্তন কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধেও নেয়া হয় না কঠোর কোনো আইনি ব্যবস্থা। ফলে দিনকে দিন বেড়ে চলেছে রোহিঙ্গাদের নামে পাসপোর্ট ইস্যুর ঘটনা। এ পর্যন্ত কত সংখ্যক রোহিঙ্গার নামে বাংলাদেশি পাসপোর্ট ইস্যু করা হয়েছে তার হিসাব নেই। মাঝে মধ্যেই আলোতে আসছে দু’-একটি ঘটনা। ধরা পড়লেও খোদ পাসপোর্ট অধিদফতরের পক্ষ থেকে চেষ্টা চলে ঘটনা ধামাচাপা দেয়ার।
চাপাপড়া এমনই একটি হচ্ছে সম্প্রতি ১১৮ রোহিঙ্গাকে পাসপোর্ট ইস্যুর ঘটনা। প্রতিবেদকের নিজস্ব অনুসন্ধানে বেরিয়ে আসে, কতটা কৌশলে ধামাচাপা দেয়ার চেষ্টা চলেছে এ বিষয়টি। সম্প্রতি গুরুতর অপরাধের ‘লঘু’ শাস্তি প্রদানের মাধ্যমে ধামাচাপা দেয়া হয়েছে শতাধিক রোহিঙ্গাকে পাসপোর্ট প্রদানের ঘটনা। ঘটনার শেকড় অনেক গভীরে প্রোথিত হলেও দায়সারা গোছের তদন্তে প্রান্তিক পর্যায়ের দুই কর্মকর্তাকে দেয়া হয় দায়মুক্তি।
সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশে আশ্রয় নেয়া অন্তত ১১৮ রোহিঙ্গাকে ‘বাংলাদেশি নাগরিক’ হিসেবে পাসপোর্ট দেয় ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদফতর। প্রতিষ্ঠানটির কয়েকজন দুর্নীতিগ্রস্ত কর্মকর্তার সহযোগিতায় তাদের নামে পাসপোর্ট ইস্যু হয়। প্রতিষ্ঠানটির নিজস্ব তদন্তেই উঠে এসেছে এসব তথ্য। তবে গুরুতর এ অপরাধের সঙ্গে যারা জড়িত তাদেরকে নামকাওয়াস্তে ‘শাস্তি’ প্রদানের মাধ্যমে দেয়া হয়েছে দায়মুক্তি। গুরুতর অপরাধের ‘লঘুদ-’ বিষয়ে একটি প্রজ্ঞাপনও জারি করা হয়েছে। এর মধ্যে গত ৮ অক্টোবর ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদফতর জারি করা হয় একটি প্রজ্ঞাপন। তাতে দেখা যায়, পাসপোর্টের উপ-সহকারী পরিচালক নিগার সুলতানাকে এক বছরের জন্য বার্ষিক বর্ধিত বেতন স্থগিত করা হয়েছে। প্রজ্ঞাপনটির তথ্য মতে, রাজধানীর উত্তরা আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে ইস্যুকৃত ১১৮টি পাসপোর্টে উল্লিখিত ‘স্থায়ী ঠিকানা’ সঠিক নয়। গোয়েন্দা সংস্থার ‘অধিকতর তদন্ত’ প্রতিবেদনে উল্লেখ করা হয়, পাসপোর্টধারী ব্যক্তিরা রোহিঙ্গা সম্প্রদায়ভুক্ত। রোহিঙ্গা সম্প্রদায়ভুক্তদের পাসপোর্ট আবেদনপত্র গ্রহণ, অ্যানরোলমেন্টকারী শনাক্ত করে দায়-দায়িত্ব নির্ধারণ করা হয়। সরেজমিন তদন্ত শেষে প্রতিবেদন দাখিল করা হয়। তদন্ত প্রতিবেদন অনুযায়ী, উপসহকারী পরিচালক নিগার সুলতানা ৩৮টি ইআইডির অনুকূলে ইস্যুকৃত পাসপোর্টের আবেদন সিল-স্বাক্ষর দিয়ে গ্রহণ করেন। ইআইডিগুলো হচ্ছেÑ ৪০১১-১৯১৪৩১, ২০৫৮৯০, ২০৯৭৯৩, ২০৯৭৯৭, ২১০০৮১, ২১৪৬৩২, ২১৪৬৩৫, ২১৪৬৩৬, ২১৬০৬০, ২১৭১০০, ২১৭১০১, ২১৭১০২, ২২০৩৩০, ২২২৭১২, ২২৬৫৭৮, ২২০৩৩১, ২২৯৬৭৯, ২২৯৬৮০, ২২৯৬৮১, ২২৯৭৮৫, ২২৯৭৮৬, ২৩০৩৬২, ২৪০০২১, ২৪১২০৪, ২৩৮৩২৯, ২৪১২০৩, ২৩৮০১৪, ২৪২৯২৪, ২৪২৯২৫, ২৪৩০৪৭, ২৪৪৪২৯, ২৪৪৫৬১, ২৪৪৪২৫ এবং ২৪৪৫৫৯।