এম এ মজিদ ॥ হবিগঞ্জ পুরাতন পৌরসভা জামে মসজিদে জুমার খুৎবায় মাওলানা সৈয়দ আজহার আহমাদ এবাদ বলেছেন- কিছু সময় কোরআন হাদিস শুনা সারারাত নফল ইবাদতের সামিল। জুমার দিন অনেকে অপেক্ষা করে কখন আরবী খুৎবা পাঠ করা হবে, তখন দৌড়ে এসে নামাজে শরিক হন। অথচ জুমার আযানের পরে কোরআন হাদিসের গুরুত্বপূর্ণ মাসআলা, ইসলামের গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। তা শ্রবন করলে, আমল করতে পারলে, সারা রাত নফল ইবাদতের চেয়েও বেশি সওয়াব হয়। একটি মাসআলা জানলে শহীদের সওয়াব হয়। সেই সওয়াব থেকে অধিকাংশ মুসল্লী বঞ্চিত হন।
তিনি বলেন-সন্তান যদি ভাল হয় তাহলে রহমত, ভাল না হলে গজব। ছেলে হোক মেয়ে হোক, সন্তানের হক আদায় করতে হবে। সন্তান জন্মের পরপরই তার কানের সামনে গিয়ে আজান দিতে হবে। সেই দায়িত্বটা কয়জন বাবা পালন করছেন। ৭ দিনের দিনে সন্তানের ইসলামীক নাম রাখতে হবে, আকিকা দিতে হবে। আকিকা না দিলে সন্তানের প্রতি হক আদায় হবে না। মাথার চুল কাটতে হবে। চুলের ওজনে সদকা দিতে হবে। কাটা চুল, হাত পায়ের কাটা নখ মাটিতে পুতে দিতে হবে। একটু বয়স হতে থাকলে তাকে আদব কায়দা শিখাতে হবে। কোরআন হাদিস শিখাতে হবে। মক্তব শিক্ষা একটি আদর্শ শিক্ষা। এখন মক্তব নাই, সন্তানের আদব কায়দাও নাই। ৭ বছর হলে সন্তানকে নামাজ পড়তে তাগিদ দিতে হবে। ১০ বছর হলে সন্তানকে নামাজ পড়তে বাধ্য করতে হবে। সন্তানকে সম্পদের ভাগ দিতে হবে সমানভাবে। সন্তান যদি বিয়ের উপযুক্ত হয়, তাকে বিয়ে করাতে হবে। বিয়ের উপযুক্ত সন্তান বিয়ে না দেয়ার কারণে যদি কোনো নাফরমানি করে তাহলে এর গুনাহের দায়ভার পিতা মাতার উপরে গিয়ে পড়বে। বিয়েতে অর্থনৈতিক রহমত বিদ্যমান। বিয়ের মাধ্যমে রিজিক বাড়ে, সম্পদও বাড়ে। যে ব্যক্তি তার পরিবার পরিজনের জন্য সওয়াবের উদ্দেশ্যে খরচ করে সেগুলো সদকা হিসাবে কবুল হয়। সন্তানের হক আদায় না করলে তার কাছ থেকে ভাল কিছু আশা করা যায় না। সন্তান, সম্পদ পাওয়ার পর আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। সন্তান পেলেন, সম্পদও পেলেন এবং আল্লাহকে ভুলে গেলেন, তাহলে আল্লাহর গযব থেকে রক্ষা পাওয়ার কোনো উপায় নেই, জাহান্নামে যেতেই হবে। তিনি সকল মা বাবাকে তাদের সন্তানের প্রতি ইসলামের নির্ধারিত হক আদায় করার উপর তাগিদ প্রদান করেন।