স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনীত জাতীয় সংসদ সদস্য প্রার্থী এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ বলেছেন- শেখ হাসিনা খুনি এটা আন্তর্জাতিক ট্রাইব্যুনালে প্রমাণিত হয়েছে। ট্রাইব্যুনাল তাকে দোষী সাব্যস্ত করে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড দিয়েছে। এই ট্রাইব্যুনাল শেখ হাসিনা নিজে গঠন করেছিলেন। এই ট্রাইব্যুনালে অনেক মানুষের বিচার হয়েছে, এই ট্রাইব্যুনালে দোষী সাব্যস্ত হয়ে অনেক মানুষের ফাঁসি কার্যকর হয়েছে। সেই সময় ট্রাইব্যুনালের রায় যদি সঠিক হয়ে থাকে, তাহলে শেখ হাসিনার রায়ও শতভাগ সঠিক হয়েছে। আওয়ামীলীগের দেওয়া মিথ্যা মামলায়, মিথ্যা সাজায় অনেক পরিবার চূর্ণ-বিচূর্ণ হয়ে গেছে। শুধুমাত্র মতায় থাকার জন্য আওয়ামীলীগ মানুষকে মানুষ মনে করেনি। যেমন কর্ম তেমন তার ফল। পরিণতি যা হওয়ার তাই হয়েছে। তিনি গতকাল মঙ্গলবার বিকালে বৈদ্যের বাজারে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে হবিগঞ্জ সদর উপজেলার ১০নং লস্করপুর ইউনিয়নের ৪, ৫, ৬ ও ৭নং ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নির্বাচনী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সভায় জি কে গউছ আরও বলেন- গত ১৭টি বছর এই বৈদ্যের বাজারে বিএনপিকে কোনো সভা-সমাবেশ করতে দেয়া হয়নি। কিন্তু এই বৈদ্যের বাজারতো বাংলাদেশের ভৌগলিক সীমারেখার বাহিরে ছিল না। আওয়ামীলীগ জোর করে প্রভাবখাটিয়ে অন্যায়ভাবে আমাদের অধিকার থেকে বঞ্চিত করেছে। তিনি বলেন- বৈষ্যম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে ২ হাজারের উপরে মানুষ শহীদ হয়েছে। এই শহীদের রক্তের মর্যাদা রক্ষায় আগামী ফেব্রুয়ারীর নির্বাচনের ভোট অতি গুরুত্বপূর্ণ। মানুষকে বুঝাতে হবে বাংলাদেশে আবারও ভোট ফিরে এসেছে। তাই ভোট সেন্টারে যেতে হবে, লাইনে দাঁড়িয়ে ভোট দিতে হবে, নিজের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে হবে। এই ভোট সঠিকভাবে গণণা হয় কি না সে দিকেও আমাদের সর্তক থাকতে হবে। জি কে গউছ বলেন- ভোট মানুষের সাথে জোর করে নেয়ার বিষয় নয়। সুন্দর ব্যবহার আর সততা দিয়েই মানুষের হৃদয় জয় করতে হয়, মানুষের ভোট নিতে হয়। আওয়ামীলীগ এই ভোটের মর্যাদা নষ্ট করে ফেলেছিল। ভোট সেন্টারে যাওয়া লাগে না, ভোটারের খবরও নেয়া লাগে না, টেলিভিশনে দেখা যেতো আওয়ামীলীগের প্রার্থীরা ভোটের ব্যবধানে পাশ। এসব অপকর্মের মাধ্যমে আওয়ামীলীগ নির্বাচন ব্যবস্থাকে কলঙ্কিত করেছে। তিনি বলেন- আমরা বারবার বলেছি, বিএনপির জনপ্রিয়তার ধারে কাছেও নেই আওয়ামীলীগ। আমরা মানুষকে ভালবাসি, মানুষও আমাদের ভালবাসে, আমরা কর্মের দ্বারা মানুষের হৃদয় জয় করেছি। বিশিষ্ট মুরুব্বি মোঃ হাছন আলীর সভাপতিত্বে এবং আজিজুর রহমান আজিজ এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন- হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহব্বায়ক হাজী এনামুল হক, সদর উপজেলা বিএনপির সভাপতি আজিজুর রহমান কাজল, সাধারণ সম্পাদক সামসুল ইসলাম মতিন, জেলা বিএনপির সদস্য মহিবুল ইসলাম শাহীন, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এম মানিক, জেলা যুবদলের সদস্য সচিব সফিকুর রহমান সিতু, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এমদাদুল হক ইমরান, জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজীব আহমেদ রিংগন প্রমূখ।