স্টাফ রিপোর্টার ॥ বৈষম্য বিরোধী মামলায় জেল হাজতে আটক যুবলীগ নেতা মো. আব্দুল মোতালিব চৌধুরী মাহফুজকে জামিনে বের করতে বিএনপি কয়েকজন নেতাকর্মী চেষ্টা করছেন বলে অভিযোগ উঠেছে। এর আগে কাগাপাশা ইউনিয়ন বিএনপির প্যাডে মাহফুজকে বিএনপির সদস্য হিসেবে উল্লেখ করে দেয়া হয়েছিল প্রত্যয়নপত্র। কিন্তু বিষয়টি জানাজানি হলে পরে তা ধামাচাপা দেয়া হয়। এখন আবার তাকে জামিন করানোর জন্য আবারও মাহফুজকে বিএনপির কর্মী হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা চালাচ্ছেন। কিন্তু আওয়ামী লীগের আমলে জেলা যুবলীগের সভাপতি আবুল কাশেম চৌধুরীর বোনের জামাতা হিসেবে এলাকায় দোর্দণ্ড প্রতাপ দেখাতেন মাহফুজ। মো. আব্দুল মোতালিব চৌধুরী মাহফুজ বানিয়াচং উপজেলার কাগাপাশা ইউনিয়নের চান্দপুর গ্রামের মৃত আব্দুল মুছাব্বির চৌধুরীর ছেলে এবং কাগাপাশা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আব্দুল আলীম চৌধুরীর ভাই। স্থানীয়রা জানান- বিভিন্ন সরকারের আমলে সুবিধা নেয়ার জন্যই মূলতঃ তারা এক ভাই আওয়ামী লীগ ও আরেক ভাই বিএনপি করেন। যে কারণে সব আমলেই তারা এলাকায় শক্তিশালী অবস্থানে থাকেন। এবারও মাহফুজকে রক্ষা করতে বিএনপির কর্মী হিসেবে প্রত্যয়ন দিয়েছিলেন তার ভাই। কিন্তু বিষয়টি গণমাধ্যমে প্রকাশ হয়ে যাওয়ায় বেকায়দায় পড়তে হয়েছে। তবে মাহফুজকে জামিন করানোর জন্য তাকে বিএনপির কর্মী হিসেবে তুলে ধরার সেই চেষ্টা এখনো অব্যাহত রয়েছে। জানা যায়- ২০২৪ সালের ২ আগস্ট শহরের সাইফুর রহমান টাউন হল এলাকায় যুবলীগের সভায় মাহফুজকে সক্রিয় থাকতে দেখা যায়। এরপর এখান থেকে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার অভিযোগ রয়েছে। গত ১২ এপ্রিল আব্দুল মোতালিব চৌধুরী মাহফুজকে হবিগঞ্জ শহরের স্টাফ কোয়ার্টার এলাকা বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাকর্মীরা থেকে আটক করে পুলিশে দেন। পরে ২১ এপ্রিল হবিগঞ্জ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাকে শ্যোন এরেস্টের আদেশ দেয়ার পর থেকে জেল হাজতে আছেন মাহফুজ। এছাড়াও হবিগঞ্জ জেলা বিএনপির কার্যালয় ভাঙচুরের মামলায়ও তাকে শ্যোন এরেস্ট দেখানো হয়।