স্টাফ রিপোর্টার ॥ বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আহেম্মদ আলী মুকিত বলেছেন, “সকল ধর্ম ও সম্প্রদায়ের মানুষের সমান অধিকার নিশ্চিত করতে আমরা সর্বদা অঙ্গীকারবদ্ধ। হিন্দু-মুসলিম আমরা ভাই ভাই। পূজার সময় সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ বজায় রাখতে বিএনপি সবসময় আপনাদের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে।” তিনি আরও বলেন, “আমি এমপি হই বা না হই, আজীবন জাতীয়তাবাদী দলের জন্য কাজ করে যাবো। ধানের শীষ যার, আমরা তার। দলের প্রতি আন্তরিকতার ফলেই আমাকে আন্তর্জাতিক সম্পাদক করেছে বিএনপি, এ জন্য শুকরিয়া আদায় করি।” আহমেদ আলী মুকিত সমাজের প্রতি সবার দায়িত্ববোধের কথা উল্লেখ করে বলেন, “মানুষের উপকার করবেন, ভালো কাজ করবেন। সবাই যদি প্রতিদিন একটি করে ভালো কাজ করেন তাহলে সমাজে অন্যায়-অবিচার থাকবে না। জাতীয়তাবাদী দল সবসময় সনাতন ধর্মাবলম্বীদের পাশে ছিল ও থাকবে এই বিশ্বাস রাখবেন। ”শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গতকাল সোমবার দুপুর ১২টায় আজমিরীগঞ্জের রাধা জিওউর মন্দির প্রাঙ্গণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) উপজেলা ও পৌর শাখার উদ্যোগে তেত্রিশ পূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট, আজমিরীগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক অভিরাম দাস এবং সঞ্চালনায় ছিলেন স্বপন বণিক, সদস্য সচিব, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট, আজমিরীগঞ্জ উপজেলা শাখা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এড. মিঠু চন্দ্র গোপ, আহ্বায়ক, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট, হবিগঞ্জ জেলা শাখা; অতীন কুমার দত্ত চৌধুরী (পাপন), সদস্য সচিব, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট, হবিগঞ্জ জেলা শাখা; সাধন বড়ুয়া, সভাপতি, বৌদ্ধ বিহার, হবিগঞ্জ জেলা শাখা এবং বিশ্বজিৎ পুরকায়স্থ, আহ্বায়ক, হবিগঞ্জ পৌর শাখা। এছাড়া সভায় আরও উপস্থিত ছিলেন আজমিরীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক মোহন মিয়া তালুকদার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামছল আলম, যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ সওদাগরসহ বিভিন্ন পূজা উদযাপন কমিটির সভাপতি-সাধারণ সম্পাদক এবং স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ।