স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার রফিক মিয়া হত্যার মামলায় ১ জনকে মৃত্যুদন্ড, ৩ জনকে যাবজ্জীবন ও ১ জনকে ১০ বছরের কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। এবং প্রত্যেককে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রবিবার (২১ সেপ্টেম্বর, ২০২৫) দুপুরে এ রায় দেন হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক রেশমা আক্তার রেখা।
দন্ডপ্রাপ্তদের মধ্যে একই উপজেলার হোসনপুর গ্রামের একই পরিবারের ৩ ভাই মৃত আলীম উল্লাহ এর ছেলে মোহাম্মদ চাদকে মৃত্যুদন্ডের আদেশ দেয়া হয়। যাবজ্জীবনপ্রাপ্তরা হলেন, হাবিবুল্লাহ, মো: বদরুল ইসলাম ও মৃত ছলিম মোল্লার ছেলে আখলিছ মিয়া। এছাড়া মৃত আব্দুল হকের ছেলে ফজলুল হককে ১০ বছরের কারাদন্ড প্রদান করা হয়।
আদালত সূত্রে জানা যায়, মামলায় ৫ জন আসামী ছিলেন। এর মধ্যে দোষী সাব্যস্থ হওয়ায় মোহাম্মদ চাদকে মৃত্যুদন্ড, হাবিবুল্লাহ, মো: বদরুল ইসলাম ও আখলিছ মিয়াকে যাবজ্জীবন কারাদন্ড ও ফজলুল হককে ১০ বছরের কারাদন্ডের আদেশ প্রদান করেন আদালত। এই মামলায় মোট ৯জন সাক্ষীর মধ্যে ৭ জনের সাক্ষ্য গ্রহণ শেষে বিচারক এ আদেশ দিয়েছেন।
বাদী পক্ষের আইনজীবী একেএম বজলুল আমিন বলেন, আমরা রায়ে সন্তোষ্ট। আমি মনে করি এ রায় একটি উদাহরণ হয়ে থাকবে। এর মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে।
মামলার বাদী আব্দুল বাছিত বলেন, আমরা ন্যায় বিচার পেয়েছি। তবে এখন দ্রুত আসামিদেরকে গ্রেফতার করে সাজা কার্যকর করার দাবি জানাচ্ছি।
মামলার বিবরণে জানা যায়, নবীগঞ্জ উপজেলার আউশকান্দি বাজার সংলগ্ন ৮ কাটা জমিতে ২০১৬ সনের ১৫ জুলাই বিকাল অনুমান ৫টার সময় বাদী তার ক্রয়কৃত জমিতে দোকান কোঠা নির্মাণ করতে গেলে আসামীরা রাজনৈতিক, ব্যক্তিগত ও ব্যবসায়ীক কারণে পূর্ব শত্রুতার জের ধরে দোকান নির্মাণে বাধা প্রদান করেন। এতে বাদী পক্ষ বাধা প্রদান করলে আসামীরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। ও পিস্তল দিয়ে গুলি ছুড়ে। আসামীদের ছুড়া গুলিতে কয়েকজন মারাত্মক আহত হন। এ সময় বাদীর পক্ষের রাজমিস্ত্রী রফিক মিয়া গুলিবিদ্ধ হয়ে অধিক রক্তক্ষরণে ঘটনাস্থলে মারা যান। এ ঘটনায় ৫ জনকে আসামী করে আব্দুল বাছিত চৌধুরী নবীগঞ্জ থানায় ২০১৬ সনের ১৬ জুলাই একটি হত্যা মামলা দায়ের করেন। এর পরিপ্রেক্ষিতে বিচারক ৭জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে হত্যাকান্ডের ৯ বছর পর উল্লেখিত রায় প্রদান করেন।
খোজ নিয়ে জানা যায়, ৪নং আসামী মোঃ বদরুল ইসলামের বিরুদ্ধে আরও দুটি মামলা হবিগঞ্জ আদালতে চলমান আছে। এর মধ্যে একটি ২০২৪ সনের ২ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় হবিগঞ্জে মোস্তাক নামে একজনকে হত্যা করা হলে এ ঘটনায় ২০২৪ সনের ২১ আগষ্ট হবিগঞ্জ সদর থানায় এসএম মামুন বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। উক্ত মামলায় অন্যান্যদের সাথে বদরুল ইসলামকেও আসামী করা হয়েছে। ওই আন্দোলনের সময় অবৈধ অস্ত্র ব্যবহার করার অভিযোগে তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে পুলিশ ২টি পিস্তল উদ্ধার করে। পরে তার বিরুদ্ধে একটি অস্ত্র মামলা দায়ের করে। এর পর থেকে সে পলাতক রয়েছে।