স্টাফ রিপোর্টার ॥ পবিত্র ঈদে মিলাদুন্নবী (দঃ) উপলক্ষে আজ ৬ সেপ্টেম্বর হবিগঞ্জ শহরে জসনে জুলুছ অনুষ্ঠিত হবে। জসনে জুলুছে লক্ষাধিক ধর্মপ্রাণ মুসলমান উপস্থিত থাকবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন আহলে সুন্নাত ওয়াল জামা’আত সমন্বয় পরিষদ হবিগঞ্জ জেলা শাখার সভাপতি আলহাজ্ব মোঃ রইছ মিয়া। জসনে জুলছে কোন ডেকসেট ব্যবহার করা হবে না। বিষয়টি সকলকে ইতিপূর্বে জানিয়ে দেয়া হয়েছে। কেউ এ নির্দেশনা অমান্য করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
আহলে সুন্নাত ওয়াল জামা’আত সমন্বয় পরিষদ হবিগঞ্জ জেলা শাখার সভাপতি আলহাজ্ব মোঃ রইছ মিয়া বলেন, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সঃ) উপলক্ষে ২০০৫ সালে প্রথম হবিগঞ্জ শহরে জসনে জুলুছ অনুষ্টিত হয়। এর পর থেকে প্রতিবছর ১২ই রবিউল আউয়াল জসনে জুলুছ অনুষ্ঠিত হয়ে আসছে। আগামীকাল শনিবার সকাল ১০ ঘটিকায় চৌধুরী বাজার কেন্দ্রীয় সুন্নী জামে মসজিদ প্রাঙ্গন থেকে ঐতিহাসিক জশনে জলুস শুরু হয়ে শহরের প্রধান সড়ক দিয়ে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গন নিমতলায় সমাবেশে মিলিত হবে। তিনি জসনে জুলুছ সফল করার জন্য জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সাংবাদিক, ব্যবসায়ীসহ সকলকে সার্বিক সহযোগিতার আহ্বান জানান।