নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে হযরত তাজ উদ্দিন কোরেশী (রঃ) উচ্চ বিদ্যালয়ে প্রধান শফিকুল ইসলাম ও অফিস সহকারী সুমনা আক্তারের বিরুদ্ধে বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ফি আদায় ও অনিয়মের অভিযোগ উঠেছে। এ ব্যাপারে এলাকাবাসী পক্ষে মোঃ আবুল কাসেম নামে এক ব্যক্তি বাদী হয়ে গত ২৪ আগষ্ট রবিবার নবীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। কিন্তু ইতিপূর্বে হবিগঞ্জ জেলা প্রশাসকের নিকট লিখিত অভিযোগ দায়ের করা হয়েছিল। তা তদন্তে প্রমানিত হলেও কোন ব্যবস্থা গ্রহন না করায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। অভিযোগ সুত্রে জানা যায়, নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের হযরত তাজ উদ্দিন কোরেশী (রঃ) উচ্চ বিদ্যালয়ের প্রধান শফিকুল ইসলাম ও অফিস সহকারী সুমনা আক্তারের বিরুদ্ধে বিগত বছরে বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণী থেকে ১০ম শ্রেণীর শিক্ষার্থীদের নিকট থেকে ২০২৪-২৫ সালে ভর্তি ফি, রেজিষ্ট্রেশন ফি বাবদ নির্ধারিত ফি থেকে অতিরিক্ত টাকা আদায় করেন। কিন্তু কোন প্রকার রশিদ শিক্ষার্থীদের প্রদান করেন নাই। এছাড়া স্কুলের বিভিন্ন অনুদানের টাকা, স্কুল ফান্ডের টাকা উল্লেখিত ব্যক্তিদের যোগসাজশে আত্মসাৎ করায় এলাকার লোকজন ক্ষুব্ধ হয়ে জেলা প্রশাসক হবিগঞ্জ বরাবরে চলতি বছরের ২৪ এপ্রিল লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী সরেজমিন তদন্ত করে অভিযোগের সত্যতা পেয়েছেন। তিনি প্রতিবেদন দাখিল করে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তর এর সহকারী পরিচালক কাওছার আহমেদ ৭ (সাত) কার্যদিবসের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দেন। এ খবর বিদ্যালয়ে ছড়িয়ে পড়লে প্রধান শিক্ষক ও অফিস সহকারী গংরা অভিযোগকারীদের উপর বেপরোয়া হয়ে ভয়ভীতি হুমকি প্রদর্শন করে। অভিযুক্ত সুমনা আক্তার অভিযোগ প্রত্যাহার না করলে অভিযোগকারীদেরকে মিথ্যা ঘটনা সাজিয়ে মামলা করবে বলে প্রচার করে। যার ফলে গত ৬ আগষ্ট দুপুরে সুমনা আক্তার গংরা স্কুলের এসে অভিযোগকারীদের বিরুদ্ধে কথাবার্তা বলে। অফিস সহকারী সুমনার হুমকির কারনে আমাদের স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছালেহা বেগম, সহকারী শিক্ষক ছালেহ আহমদ আতিকি, দিলীপ চন্দ্র দাস, বিপ্লব দাশ, আরিফ আহমেদ শিক্ষকগণ নিরাপত্তাহীনতায় ভূগছেন। বিদ্যালয় থেকে পালিয়ে যাওয়া প্রধান শিক্ষক সফিকুল ইসলাম ও অফিস সহকারী সুমনা আক্তার ও তার স¦ামী সাজ্জাদ মিয়ার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার জন্য বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবক ও ভূমিদাতা সদস্যগণ বিদ্যালয়ের সামনে মানববন্ধন করেন। মানররন্ধন শেষে এলাকার অভিভাবকদের নিয়ে গণস্বাক্ষরসহ নবীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। বিষয়টি নিয়ে এলাকায় বেশ ক্ষোভের সঞ্চার হয়েছে। এ ব্যাপারে বিদ্যালয়ের অভিভাবক ও সচেতনমহল হবিগঞ্জ জেলা প্রশাসক ও নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট অভিযুক্তদের বিরুদ্ধে দৃষ্টান্তমুলক ব্যবস্থা নেওয়ার জন্য জোর দাবী জানান।