নুরুল আমিন, চুনারুঘাট থেকে ॥ চোরাচালানের নিরাপদ রুট চুনারুঘাট। বিনা বাঁধায় চলছে চোরাইপন্য পাচার। ভৌগলিক কারণে উপজেলাটি পাহাড় ও চা বাগানবেষ্টিত হবার কারনে এখানে চোরাচালানের শক্তিশালী সিন্ডিকেট তৈরী হয়েছে। রাজনৈতিক দলের নাম ভাঙ্গিয়ে চোরাচালান চলছে ফ্রি ষ্টাইলে। যে কোন সময়ের চেয়ে বিগত বছরখানেক সময় ধরে মাদকসহ বিভিন্ন পন্যের পাচার বেড়েছে আশংকাজন হারে। চোরা-কারবারী বেড়েছে কয়েকগুন। বেকার নারী ও শিশুরা এ ব্যবসায় জড়িয়ে পড়েছে। বিভিন্ন সংগঠনের সদস্যরাও এ ব্যবসায় নেমেছে। এক কথায় ভয়াবহ রূপ ধারন করেছে চোরাচালান ব্যবসা। গত ২ মাসে ৫৫ বিজিবি জোয়ানরা সীমান্তে অভিযান পরিচালনা করে প্রায় ১০ কোটি টাকার চোরাচালান পন্য আটক করেছে। গত ২৪ ঘন্টায় বিজিবি’র হাতে আটক হয়েছে ২৯ লাখ টাকার চোরাচালান পন্য। জুলাই মাসে আটক হয়েছে আড়াই কোটি টাকার পন্যসামগ্রী। চোরাচালান পন্যের মধ্যে রয়েছে ভারতীয় শাড়ি থ্রিপিস,বিভিন্ন ধরনের কাপড়, প্রসাধনী, চশমা ও নানান জাতের মাদকদ্রব্য। বর্তমান সময়ে আইন শৃঙ্খলা বাহিনীর নিস্ত্রিয়তার সুযোগে এ ব্যবসায় সুবিধাজনক অবস্থানে রয়েছে। এ ব্যবসায় দিন দিন যোগ হচ্ছে নতুন ব্যবসায়ী। বিদেশে ফেরত প্রবাসি ও রাজনৈতিক নামধারী ব্যক্তি, শিক্ষার্থী, গৃহিনীসহ শিশু-কিশোর এ ব্যবসায় জড়িয়ে পড়ছে। জেলার বাহির থেকেও বড় বড় চোরাব্যবসায়ীরা আসে চুনারুঘাটে। আগে যারা আন্তর্জাতিক ট্রেন বা বিভিন্ন স্থলবন্দর দিয়ে চোরাচালান করতো তারা এখন চুনারুঘাট সীমান্তকে নিরাপদ মনে করে ব্যবসা চালিয়ে যাচ্ছে। গত ১৯ আগষ্ট হবিগঞ্জ বিজিবি একটি তেলবাহী গাড়ীতে অভিযান চালিয়ে দেড় কোটি টাকার চোরাই পন্য আটক করেছে। বিজিবি, পুলিশসহ বিভিন্ন বাহিনীর সোর্সরা এ ব্যবসা থেকে আদায় করে নিচ্ছে মোটা অংকের বখরা। বিজিবি’র ৫৫ ব্যটালিয়ানের জোয়ানরা প্রতিদিন কসমেটিকস, শাড়ী, গাঁজা, হুইস্কিসহ কোটি কোটি টাকার চোরাচালান পন্য আটক করছেন কিন্তু চোরাচালান বন্ধ হচ্ছেনা। সুত্র জানায়, পুলিশ, বিজিবি’র নাম ভাঙ্গিয়ে একটি শক্তিশালী চক্র আদায় করছে সাপ্তাহিক বখরা। গাজীপুর ইউনিয়নের পাহাড়ী গ্রাম টিলাবাড়ি, টেকেরঘাট, মোকামঘাট,
রেমা, কেদারাকোর্ট, বড়খেরসহ বিভিন্ন সীমান্ত দিয়ে মাদকদ্রব্য নিয়ে আসে চোরা ব্যবসায়ীরা। একটি সুত্র জানায়, সবচেয়ে বেশী গাঁজা আসে আহম্মদাবাদ ইউনিয়নের চিমটিবিল এলাকা দিয়ে। সাতছড়ি সীমান্ত দিয়ে কাপড়, প্রসাধনীসহ নানা পন্যের চোরাচালান হয়ে থাকে। উপজেলার বাসুল্লা-নালমুখ সড়ক, রানীগাও-সাটিয়াজুড়ি সড়ক, চুনারুঘাট-বাল্লা সড়ক, আমু চা বাগান-সাতছড়ি সড়ক, আমু চা বাগান-কালিশিরি সড়কসহ প্রায় সব সড়ক পথেই চোরাচালান হয়। চোরা ব্যবসায়ীরা মাদক ব্যবসায় কালো ব্যাগ, নারী ও শিশুদের ব্যবহার করে। নারীরা শরীরের সাথে এঁটে গাঁজা চালান নিয়ে যাচ্ছে নির্দিষ্ট গন্তব্যে। কিশোররা স্কুল ব্যাগে করে পাচার করছে গাঁজা। প্রায় সব চোরাকারবারির রয়েছে মোটরবাইক। ভারতের মাদক ব্যবসায়ীদের কাছ থেকে ৫ হাজার টাকায় এক কেজি গাঁজা কিনে তারা পাইকারী ব্যবসায়ীর কাছে ২৫ হাজার টাকায় বিক্রি করে। এদের কারো কারো রয়েছে রাজনৈতিক পরিচয়। এ নিয়ে স্থানীয় পত্রিকায় একাধিক সংবাদ প্রকাশিত হয়। আইন প্রয়োগকারী সংস্থার হাতে মাঝে মধ্যে মাদক বহনকারীরা আটক হয় কিন্তু মুল ব্যবসায়ীরা থেকে যাচ্ছে ধরা ছোঁয়ার বাইরে। বহনকারীদের জেল থেকে ছাড়িয়ে আনার ব্যবস্থা গড ফাদাররাই করে থাকে। গড ফাদারদেরকে আটকানো সম্ভব হচ্ছেনা। অতি সম্প্রতি চা বাগানের শ্রমিকরাও মাদক ব্যবসায় ছড়িয়ে পড়েছে। চা জনগোষ্ঠীর দোহাই দিয়ে শত শত যুবক গাঁজা ব্যবসায় নেমে পড়েছে। এ ব্যপারে বিজিবি ৫৫ ব্যাটালিয়ান অধিনায়ক তানজিল বলেন, মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবি আন্তরিকতার সাথে দায়িত্বপালন করছে। স্থানে স্থানে জনসেচনতামুলক সভার মাথ্যমে সাধারণ মানুষকে সেচতন করার উদ্যোগ নেয়া হয়ে। চুনারুঘাট থানার ওসি নুর আলম বলেন, মাদক চোরাচালান রোধে সর্বাত্মক চেষ্টা অব্যাহত রয়েছে।