লাখাই প্রতিনিধি ॥ লাখাই উপজেলার করাব ইউনিয়নে স্থানীয় নেতৃবৃন্দ ও সর্বস্তরের জনগণের উৎসবমুখর এবং সক্রিয় অংশগ্রহণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সূচনা হয়েছে ‘ফ্যামিলি কার্ড খানা তথ্যভাণ্ডার জরিপ কর্মসূচি ২০২৬’। রোববার বিশেষ সচেতনতামূলক ও তদারকি কার্যক্রম পরিচালনার মাধ্যমে এ জরিপ কর্মসূচির কাজ শুরু হয়।
জরিপ কার্যক্রম সরেজমিনে পরিদর্শন ও তদারকি করতে সকাল থেকেই উপস্থিত ছিলেন লাখাই উপজেলা সমাজসেবা কর্মকর্তা নিপুন রায়। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির নেতা আব্দুল ওয়াদুদ তালুকদার আবদাল, লাখাই উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মোতালেব, করাব ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ের স্থানীয় সিনিয়র নেতৃবৃন্দ। এছাড়াও কার্যক্রমে সহায়তা করতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সাধারণ জনগণ এবং নির্ধারিত তথ্য সংগ্রহকারীরা উপস্থিত ছিলেন।
কর্মসূচির প্রথম দিনেই এলাকাবাসীর মধ্যে এক অভূতপূর্ব উৎসাহ ও স্বতঃস্ফূর্ত সাড়া দেখা গেছে। কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়াই অত্যন্ত শান্ত ও সুশৃঙ্খল পরিবেশে তথ্য সংগ্রহের কাজ পরিচালিত হচ্ছে বলে নিশ্চিত করেছেন তদারককারী কর্মকর্তারা। এলাকার সর্বস্তরের জনগণ তথ্য সংগ্রহকারীদের প্রয়োজনীয় সব ধরনের তথ্য দিয়ে আন্তরিকভাবে সহযোগিতা করছেন।