স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের সদর হাসপাতাল গেইট এলাকার সদর হোটেল এন্ড বিরানি হাউজ নামে হোটেলে অপরিচ্ছন্ন পরিবেশে পুরাতন তরকারি, নষ্ট বিরানি ও পচা ডাল সংরক্ষণ এবং রান্না করা খাবারের সঙ্গে কাঁচা মাছ-মাংস রাখার অভিযোগে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে জেলা পরিষদ মার্কেটের সদর হাসপাতাল গেইটে অবস্থিত সদর হোটেল এন্ড বিরানি হাউসে মোবাইল কোর্ট পরিচালনা করে এ জরিমানা করা হয়। জানা যায়, প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট (সংক্ষিপ্ত বিচারক), চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, হবিগঞ্জ সদর থানা পুলিশের সহায়তায় ওই হোটেলে মোবাইল কোর্ট পরিচালনা করেন। এ সময় হোটেলটি অপরিচ্ছন্ন অবস্থায় পাওয়া যায়। এছাড়া সেখানে পুরাতন তরকারি, নষ্ট বিরানি ও পচা ডাল সংরক্ষণ করা ছিল। একই ফ্রিজে রান্না করা তরকারির সঙ্গে কাঁচা মাছ ও মাংসও রাখা ছিল। এ ছাড়াও সরেজমিনে দেখা যায়, ওই হোটেলটির পক্ষ থেকে সকাল বিকাল ২৪ ঘণ্টা মাইকে ক্রেতা ডাকা হচ্ছে। মাইকের শব্দের কারণে আশপাশের মানুষজন বিরক্ত। তাদেরকে বারবার নিষেধ করা হলেও তারা কর্ণপাত করে না। এসব অনিয়মের কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫২ ধারায় হোটেল কর্তপক্ষকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। হোটেলটির ম্যানেজার ইউছুফ আলীর বিরুদ্ধে এ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ভোক্তাদের স্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।