বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে পুকুরে ডুবে ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু আজমিরীগঞ্জে কুশিয়ারা নদীর গর্ভে বিলিন হয়ে যাচ্ছে শাহনগর হবিগঞ্জ কারাগার পরিদর্শন করেছেন জেলা জজ দরিদ্র-অসচ্ছল বন্দীদের আইনি সহায়তা নিশ্চিতের উপর গুরুত্বারোপ অলিপুর চেকপোস্টে ১৪শ কেজি ফুসকা জব্দ ॥ ট্রাকসহ আটক ৪ পূবালী ব্যাংক পিএলসি’ সিএমএসএমই ঋণ গ্রাহক শীর্ষক প্রোগ্রাম অনুষ্ঠিত নবীগঞ্জে মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে বাড়িঘর ভাংচুর মাধবপুরে ডিবির অভিযানে বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার ॥ আটক ১ জেলা আইনজীবি সহকারি সমিতির নির্বাচন সম্পন্ন নবীগঞ্জের দিনারপুরে আন্ডারপাস নির্মানের দাবিতে মানববন্ধন দুর্দিনে চা-শ্রমিকদের পাশে থাকার অঙ্গীকার সৈয়দ শাফকাতের

নবীগঞ্জে ইউপি চেয়ারম্যান, সচিব এবং এনজিও কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ে বিভাগীয় কমিশনারের প্রতিবেদন প্রেরণ

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০১৭
  • ৫৯৭ বা পড়া হয়েছে

এম এ বাছিত, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে সদর ইউপি চেয়ারম্যান জাবেদুল আলম চৌধুরী সাজুর বিরুদ্ধে ভিজিডির চাল ও উপকারভোগিদের কাছ থেকে সঞ্চয়ের টাকা আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হয়েছে বলে জানা গেছে। তদন্ত প্রমাণিত হওয়ায় চেয়ারম্যান সাজু চৌধুরী, ইউনিয়ন পরিষদের সচিব আইনুল হক এবং এনজিও কর্মী দেলোয়ার হোসেনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রাণালয়ে লিখিত প্রতিবেদন প্রেরণ করেছেন সিলেটের বিভাগীয় কমিশনার ড. নাজমানারা খানুম। তদন্তে তিনটি অভিযোগ প্রমাণের সত্যতা নিশ্চিত করেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক মতিউর রহমান।
সিলেট বিভাগীয় কমিশনার কার্যালয় সূত্র জানায়, চেয়ারম্যান সাজুর বিরুদ্ধে উল্লেখিত অভিযোগ বিষয়ে হবিগঞ্জের সাবেক জেলা প্রশাসক সাবিনা আলম ৪ জুন বিভাগীয় কমিশনারের নিকট তদন্ত প্রতিবেদন দাখিল করেন। চেয়ারম্যান সাজু চৌধুরী জেলা প্রশাসকের তদন্ত স্থগিত করে সুষ্ঠু তদন্তের জন্য ১৮ জুন বিভাগীয় কমিশনারের নিকট আবেদন করেন। বিষয়টি পরিচালক, স্থানীয় সরকার সিলেট বিভাগকে নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে গিয়ে সরেজমিন তদন্তের জন্য নির্দেশ দেন বিভাগীয় কমিশনার। এরই প্রেক্ষিতে ১ আগষ্ট স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক মতিউর রহমান উপজেলা প্রশাসন কার্যালয়ে উভয় পক্ষের উপস্থিতিতে ঘটনার সুষ্ঠু তদন্ত করেন। সাক্ষ্য ও তথ্য প্রমাণের ভিত্তিতে অভিযুক্ত হন আওয়ামীলীগ সমর্থিত চেয়ারম্যান জাবেদুল আলম চৌধুরী সাজু। এরই প্রেক্ষিতে ২৬ সেপ্টেম্বর বিভাগীয় কমিশনার ড. নাজমানারা খানুম আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ে তদন্ত প্রতিবেদন প্রেরণ করেন।
সূত্র মতে, ইউপি চেয়ারম্যান সাজু ২০১৫-২০১৬ সালের ভিজিডি উপকারভোগী মহিলাদের সঞ্চয়ের ৭৫ হাজার টাকা এনজিও সংস্থা স্প্যায়ার এর কো-অর্ডিনেটর এর সহযোগীতায় আত্মসাৎ করেন বলে উপকারভোগী মহিলারা উপজেলা মহিলা বিষয়ক অফিসারের নিকট অভিযোগ দেন। অভিযুক্ত চেয়ারম্যান সাজুকে মহিলাদের সঞ্চয়ের টাকা ফেরৎ দিতে বলেন। এ নিয়ে মহিলা বিষয়ক অফিসার এর সাথে চেয়ারম্যান সাজুর মতবিরোধ দেখা দেয়। এতে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে লিখিতভাবে অবহিত করেন। এরই প্রেক্ষিতে গত ১১ এপ্রিল উপকারভোগী মহিলাদের সঞ্চয়ের টাকা ফেরৎ দেন চেয়ারম্যান সাজু চৌধুরী। এদিকে ঘটনার তদন্তকালে তদন্ত টিমকে ভিজিডি উপকারভোগী মহিলারা জানান, গত ১৬ ডিসেম্বর হতে ৬ মাসের চাল তারা পাননি। ইউনিয়নের প্রায় ১১১ জন হতদরিদ্র ভিজিডি কার্ডধারীকে ৬ মাসের চাল দেয়া হয়নি। বরাদ্দকৃত ১১১ জনের ৩০ কেজি করে ৬ মাসের মোট ১৯ হাজার ৯৮০ কেজি ভিজিডির চাল ইউপি চেয়ারম্যান আত্মসাত করেন বলে অভিযোগ উঠে। যার বাজার মূল্য প্রায় সাড়ে ৮ লাখ টাকা। মহিলাদের অভিযোগের ভিত্তিতে ঘটনা তদন্তের জন্য ৩জন অফিসারের সমন্বয়ে কমিটি গঠিত হয়। ঘটনার সত্যতা পেয়ে মহিলা বিষয়ক কর্মকর্তা নির্বাহী অফিসারের নিকট প্রতিবেদন দাখিল করেন। এরই প্রেক্ষিতে চেয়ারম্যান সাজুর দুর্নীতি বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য হবিগঞ্জ জেলা প্রশাসকের নিকট লিখিত প্রতিবেদন প্রেরণ করেন উপজেলা নির্বাহী অফিসার তাজিনা সারোয়ার। এছাড়াও ওই ইউনিয়নের ২০১৭-২০১৮ অর্থ বছরের নতুন ভিজিডি তালিকা প্রণয়নের জন্য চেয়ারম্যানকে নির্দেশ দেন। ওই তালিকা তৈরীতে অনিয়মের অভিযোগ উঠে। এনিয়ে ভিজিডি তালিকা প্রনয়ন কমিটির সদস্য সচিব, এনজিও কর্মী ও ৭, ৮, ৯নং ওয়ার্ডের সংরক্ষিত সদস্য কমিটি থেকে অব্যাহতির জন্য উপজেলা নির্বাহী অফিসারের নিকট আবেদন করেন। এদিকে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের সচিবের বিরুদ্ধে পাল্টা অভিযোগ দায়ের করেন চেয়ারম্যান সাজু চৌধুরী। এদিকে অধিকতর তদন্তে চেয়ারম্যান সাজুর বিরুদ্ধে হতদরিদ্র (ভিজিডি তালিকাভুক্ত) ১১১ জনের ৬মাসের চাল আত্মসাত, নতুন তালিকায় কারসাজি এবং সঞ্চয়ের টাকা আত্মসাতের অভিযোগ প্রমাণিত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com