স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ মটর মালিক গ্রুপ ও মৌলভীবাজার এসএমএস এক্সপ্রেস পরিবহনের মালিক শ্রমিকদের বিরোধ আবারও তীব্র আকার ধারণ করেছে। এসএমএস পরিবহনের মালিক শ্রমিকরা বার বার হবিগঞ্জ মটর মালিক গ্রুপের বাসের শ্রমিকদের দীর্ঘদিন ধরে নির্যাতন করায় অনেক শ্রমিক আতংকিত হয়ে কর্ম ক্ষেত্রে যাচ্ছেন না। এতে শ্রমিকরা পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছেন। অপর দিকে পরিবহনগুলো বন্ধ থাকায় বাস মালিকরাও ব্যবসায়ী ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। পাশাপাশি হবিগঞ্জ থেকে সিলেটগামী যাত্রীদের চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে। সূত্র জানায়, দীর্ঘদিন ধরে হবিগঞ্জ মটর মালিক গ্রুপের বিরতিহীন এক্সপ্রেস বাসের চালক ও শ্রমিকদের মৌলভীবাজারের এসএমএস পরিবহন শ্রমিক-মালিকরা শেরপুরের আটক করে গাড়ী ভাংচুর ও শ্রমিকদের মারধোর করে আসছেন। এ নিয়ে হবিগঞ্জ মটর মালিক গ্রুপের চরম বিরোধ সৃষ্টি হয় মৌলভীবাজার এসএমএম পরিবহন মালিক ও শ্রমিকদের সাথে। এক পর্যায়ে হবিগঞ্জের উপর দিয়ে মৌলভীবাজারে কোন বাস চলাচল করতে না দেওয়ার দাবিতে হবিগঞ্জ মটর মালিক গ্রুপের মালিক ও শ্রমিকরা শায়েস্তাগঞ্জের অরবোধ কর্মসূচি পালন। পরবর্তীতে প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়টি সমাধানের আশ্বাস দিলে তারা অবরোধ কর্মসূচি প্রত্যাহার করেন।
গত জুন সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব জিকে গউছ এমপি নেতৃত্বে ৫জন এমপিসহ প্রশাসনের বিভাগীয় কর্মকর্তাদের সমন্বয়ে এক সমঝোতা বৈঠকে দু’পক্ষের বিরোধ নিস্পতি করা হয়।
হবিগঞ্জ মটর মালিক গ্রুপের শ্রমিকরা জানান, গত ১১ সেপ্টেম্বর সিলেট থেকে একটি বিরতিহীন এক্সপ্রেস বাস মৌলভীবাজারে আসলে কয়েকজন যাত্রী উঠেন। এর ১জন যাত্রী শ্রীমঙ্গলে এসে নামতে চান। এ সময় বাসের সুপার জানান, শ্রীমঙ্গলে তাদের কোন স্টপেজ নেই। তাকে মিরপুরে নামতে হবে। তারা কাছ থেকে কোন ভাড়া নেওয়া হবে না। কিন্তু ওই যাত্রী কোন কথা না শোনে সুপার ভাইজারের সাথে তর্কবির্তকে জড়িয়ে যায়। এক পর্যায়ে ওই যাত্রী তার আত্মীয় স্বজন ও এসএমএস পরিবহনের ৩০/৪০ জন লোকজন এসে শ্রীমঙ্গলের র্যাব ক্যাম্পের সামনে বিরতিহীন একটি বাস আটক করে যাত্রীদের নামিয়ে চালকও শ্রমিকদের মারধোর করা হয় এবং গাড়ী ভাংচুর করা হয়। এ সময় বাসের শ্রমিকরা এর বিচার দাবি করলে জনৈক শ্রমিক নেতা বিচারের আশ্বাসে গাড়ী চালিয়ে সেখান থেকে নিয়ে আসা হয়। কিন্তু এ খবর পেয়ে আবারও শ্রীমঙ্গলে এসএমএস পরিবহনের শ্রমিকরা মৌলভীবাজার বাস টার্মিনালে হবিগঞ্জের ৫টি বিরতিহীন বাস আটক করে বাস ভাংচুর ও যাত্রীদের মারধোর করেন। ১৩ সেপ্টেম্বর পূর্ণরায় মৌলভীবাজার টার্মিনালে এসএমএস পরিবহনের মালিক ও শ্রমিকরা জোর পূর্বক হবিগঞ্জের ৩৫টি বাস আটক করে তারা। এ সময় তারা বাসগুলোর শ্রমিকদের বেধড়ক মারপিট করেন। এতে অনেক শ্রমিকরাই আহত হন। আহত শ্রমিকদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসা প্রদান করা হয়। এ দিকে মৌলভীবাজারে হবিগঞ্জ মটর মালিক গ্রুপের বাসগুলোর চলাচল বন্ধ করে রাখায় যাত্রীদের চরম দুর্ভোগের সম্মুখীন হতে হচ্ছে। যাত্রী দুর্ভোগ লাগবে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন হবিগঞ্জ মটর মালিক গ্রুপের নেতৃবৃন্দ।
এ ব্যাপারে হবিগঞ্জ মটর মালিক গ্রুপের সেক্রেটারী আবু মঈন চৌধুরী সোহেল জানান, বার বার মৌলভীবাজারে এসএমএস পরিবহনের মালিক-শ্রমিকরা আমাদের পরিবহনগুলো জোর পূর্বক আটক করছেন। শুধু আটকই করছেন তারা আমাদের চালক ও শ্রমিকদের মারধোর করছেন। পাশাপাশি আমাদের অনেক বাস ভাংচুর করেছেন তারা। আমরা এর প্রতিকার চাই। অন্যথায় কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবো আমরা।