স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের নতুন বাস টার্মিনাল এলাকায় মাটি কাটা ঠিকাদার সাজন মিয়া (৪০) এর উপর হামলা করেছে একদল দুর্বৃত্ত। এ সময় তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত করে নগদ টাকা ও মোবাইল ফোন নিয়ে গেছে। গতকাল শনিবার বিকেলে এ ঘটনাটি ঘটে। সে হবিগঞ্জ সদর উপজেলার দুর্লভপুর গ্রামের ছইব উল্লার পুত্র।
আহত সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে মাটির ঠিকাদার হিসেবে কাজ করছেন। তার নিয়ন্ত্রনে প্রায় অর্ধশতাধিক শ্রমিক মাটি কাটে। গতকাল ওই সময় উল্লেখিত স্থানে শ্রমিকদের নিয়ে মাটি কাটার সময় সুলতান মাহমুদ গ্রামের ছমেদ আলীর পুত্র সেলিম মিয়া, মুনছব আলীর পুত্র সুমন মিয়া, শাহজাহানসহ একদল দুর্র্বৃত্ত তাদের কাছে গিয়ে টাকা দাবী করে। অন্যাথায় এখানে কাজ করা যাবে না বলে হুমকি দেয়। এ সময় সাজন মিয়া প্রতিবাদ করলে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত করে সর্বস্ব নিয়ে যায় দুর্বৃত্তরা। স্থানীয় লোকজন তাকে আহত অবস্থায় উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌছলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।