স্টাফ প্রতিনিধি ॥ মাধবপুরে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রির দায়ে এক মৎস্য আড়ত মালিককে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় প্রায় ২০০ কেজি পিরানহা মাছ জব্দ করা হয়।
গতকাল সোমবার সকালে উপজেলার কাটিয়ারা এলাকার মনি মুক্তা মৎস্য আড়তে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মৈত্রী রায়। অভিযানে আড়ত মালিক প্রমোদ দাসকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কয়েকজন সাংবাদিক মাছ কিনতে গিয়ে আড়তে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রির বিষয়টি দেখতে পান। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর দেওয়া হলে মাধবপুর থানার এসআই সুকমল ভট্টাচার্য ঘটনাস্থলে পৌঁছান। পরে সহকারী কমিশনার (ভূমি) ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তা ও ফিল্ড অ্যাসিস্ট্যান্ট শরিফ উদ্দিন উপস্থিত ছিলেন। অভিযান শেষে জব্দ করা মাছ উপজেলা মৎস্য দপ্তরের তত্ত্বাবধানে মাটিতে পুঁতে বিনষ্ট করা হয়।