লাখাই প্রতিনিধি ॥ লাখাইয়ে জমি সংক্রান্ত বিরোধের জেরে মারামারির ঘটনায় মামলায় জড়িয়ে আপন দুই ভাইকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে দীর্ঘ ১১ বছর মালয়েশিয়া প্রবাস জীবন কাটিয়ে চার মাসের ছুটিতে দেশে আসা এক প্রবাসী ভাইও রয়েছেন। গত বুধবার (১২ নভেম্বর) দিনগত রাতে লাখাই থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। পরে গতকাল বৃহস্পতিবার তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন উপজেলার লাখাই ইউনিয়নের জিরুন্ডা গ্রামের মৃত আব্দুল কাইয়ুমের ছেলে প্রবাসী পারভেজ (৩০) ও তার বড় ভাই আব্দুল হালিম (৩৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পারভেজ দীর্ঘ ১১ বছর ধরে মালয়েশিয়ার একটি রেস্তোরাঁয় প্রবাস জীবন কাটাচ্ছিলেন। চার মাসের ছুটিতে গত দুই মাস আগে তিনি দেশে আসেন। গত ৩ নভেম্বর সন্ধ্যা ৭টার দিকে ফুফাতো ভাই ও মামলার বাদী দুলাল মিয়ার সাথে জমি সংক্রান্ত বিষয় নিয়ে তাদের বিরোধ ও মারামারির ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় একটি মামলা রুজু হয়। পরবর্তীতে ওই মামলার তদন্ত সাপেক্ষে সম্পৃক্ততা পাওয়ায় গত ১২ নভেম্বর দিবাগত রাত আড়াইটার দিকে লাখাই থানা পুলিশ অভিযান চালিয়ে প্রবাসী পারভেজ ও তার বড় ভাই আব্দুল হালিমকে গ্রেফতার করে।
লাখাই থানার পুলিশ সূত্রে জানা গেছে, আইনি প্রক্রিয়া সম্পন্ন করে গ্রেফতারকৃত দুই ভাইকে একসঙ্গে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।