স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতি, বানিয়াচং উপজেলা শাখার ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল শনিবার (১ আগস্ট) বানিয়াচং মেধাবিকাশ উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হবে। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলবে। নির্বাচনকে ঘিরে উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক সমাজে উৎসাহ-উদ্দীপনার পাশাপাশি চলছে ব্যাপক আলোচনা। শিক্ষকদের অনেকের মতে, বিগত কমিটি শিক্ষক কল্যাণ, ন্যায্য দাবি-দাওয়া আদায় এবং সংগঠনের কার্যক্রমকে প্রত্যাশিত পর্যায়ে এগিয়ে নিতে সম হয়নি। ফলে এবার শিক্ষকরা এমন নেতৃত্ব বেচে নিতে আগ্রহী, যারা সমিতির মূল লক্ষ্য শিক্ষকদের অধিকার, মর্যাদা ও কল্যাণ নিশ্চিত করতে কার্যকর ভূমিকা পালন করবেন।
এবারের নির্বাচনে সভাপতি পদে দুইজন এবং সাধারণ সম্পাদক পদে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন রত্না হাই স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক আবু তাহের এবং সাবেক সাধারণ সম্পাদক আহসান হাবিব মানিক।
ভোটারদের একাংশের ভাষ্য, আবু তাহের অতীতে কোনো গুরুত্বপূর্ণ পদে না থেকেও বিভিন্ন সময় শিক্ষকদের আপদ-বিপদে পাশে দাঁড়িয়ে সহযোগিতা করার চেষ্টা করেছেন। সে কারণে তিনি অনেক শিক্ষকের সমর্থন পাচ্ছেন বলে তাদের দাবি। তবে অপর প্রার্থী আহসান হাবিব মানিকও নির্বাচনী মাঠে রয়েছেন।
অন্যদিকে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বানিয়াচং আদর্শ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোফাজ্জল হোসেন মুকুল, মহারত্নপাড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাব্বির আহমদ শিবলী, হানিফখান উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. সেলিম তালুকদার এবং উত্তর সাঙ্গর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. জাকির হোসেন।
এখন দেখার বিষয়, শিক্ষকরা অতীতের নেতৃত্বের ধারাবাহিকতায় আস্তা রাখবেন, নাকি পরিবর্তনের পক্ষে রায় দিয়ে নতুন নেতৃত্বের হাতে সমিতির দায়িত্ব তুলে দেবেন। সেই উত্তর মিলবে আগামীকালের ভোটের ফলাফলেই।