নবীগঞ্জ প্রতিনিধি ॥ যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয় থেকে স্নায়ুবিজ্ঞান বা নিউরোসায়েন্সে প্রথম শ্রেণীতে ব্যাচেলর অব সায়েন্স (বিএসসি) ডিগ্রি অর্জন করেছেন নবীগঞ্জের কৃতি শিক্ষার্থী সাবিয়া চৌধুরী। গত ৩ জুলাই ২০২৬ তারিখে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে এই মর্যাদাপূর্ণ ডিগ্রি তুলে দেয়। তাঁর এই সাফল্যে নবীগঞ্জ উপজেলা জুড়ে আনন্দ ও গর্বের জোয়ার বইছে। সাবিয়া চৌধুরী যুক্তরাজ্যে অবস্থান করলেও তাঁর মূল শেকড় রয়েছে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ পৌর এলাকার চরগাঁও গ্রামে। তিনি বিশিষ্ট চিকিৎসক ডাঃ ফখরুল ইসলাম চৌধুরী ভাতিজী ও সমাজসেবক ইকবাল আহমেদ চৌধুরী এবং মুমিনা খাতুন চৌধুরী দম্পতির প্রথম কন্যা সন্তান। তাঁর বাবা ইকবাল আহমেদ চৌধুরী নবীগঞ্জ পৌর এলাকার চরগাঁও গ্রামের মরহুম জহরুল ইসলাম চৌধুরীর তৃতীয় পুত্র। প্রবাসে থেকেও নিজ পরিবারের সম্মান ও দেশের মুখ উজ্জ্বল করে তিনি এই গৌরব অর্জন করেছেন। ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ের খ্যাতনামা ফ্যাকাল্টি অব বায়োলজি, মেডিসিন অ্যান্ড হেলথ-এর অধীনে নিউরোসায়েন্স বিষয়ে অধ্যয়নকালে সাবিয়া চৌধুরী তাঁর অসাধারণ মেধা, কঠোর অধ্যাবসায় ও গবেষণার মাধ্যমে প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হন। তাঁর এই চমৎকার ফলাফলে যুক্তরাজ্য এবং দেশের বাড়ি নবীগঞ্জে থাকা স্বজন, বন্ধুবান্ধব ও শুভানুধ্যায়ীদের মাঝে আনন্দের বন্যা বয়ে যায়। বিভিন্ন সামাজিক সংগঠন, শিক্ষক, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সাবিয়া চৌধুরী ও তাঁর গর্বিত পিতামাতাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। পরিবারের পক্ষ থেকে জানানো হয়, সাবিয়া চৌধুরীর এই অর্জন শুধু তাদের পরিবারের জন্যই নয়, বরং পুরো নবীগঞ্জ তথা দেশের জন্য এক বিরাট গৌরবের বিষয়। তিনি ভবিষ্যতে উচ্চ শিক্ষা গ্রহণ করে চিকিৎসা বিজ্ঞান ও নিউরোসায়েন্সের মতো গুরুত্বপূর্ণ খাতে মানবকল্যাণে আত্মনিয়োগ করতে চান। সাবিয়া ও তাঁর পরিবারের পক্ষ থেকে সকলের নিকট দোয়া প্রার্থনা করা হয়েছে যাতে তিনি আগামী দিনে আরও বড় সাফল্য অর্জন করে দেশের সুনাম বজায় রাখতে পারেন।