স্টাফ রিপোর্টার ॥ জাতীয় সংসদের হুইপ ও হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জি কে গউছ বলেছেন, আওয়ামী লীগ গত ১৭ বছরে দেশের অর্থনীতির ভিত ধ্বংস করে দিয়েছে। দেশের অর্থনীতিকে সংকটের মুখে ঠেলে দিয়ে গেছে। সেই বিধ্বস্ত অর্থনীতিকে পুনর্গঠন এবং দেশের উন্নয়নকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী তারেক রহমান নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
তিনি গতকাল সোমবার বিকেলে হবিগঞ্জ সদর উপজেলার ৩নং তেঘরিয়া ইউনিয়নে স্থানীয় জনসাধারণের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
হুইপ জি কে গউছ বলেন, জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি হিসেবে মানুষের দোরগোড়ায় গিয়ে তাদের সমস্যা শোনা এবং সমাধানে কাজ করাকে আমি দায়িত্ব হিসেবে নিয়েছি। তেঘরিয়া ইউনিয়নে ইতোমধ্যে যে উন্নয়ন কাজ বাস্তবায়ন হয়েছে এবং ভবিষ্যতে যেসব প্রকল্প প্রহণ করা হবে, সে বিষয়ে স্থানীয় জনগণকে অবহিত করা হয়েছে। উন্নয়ন কর্মকান্ডের সঠিক বাস্তবায়নে জনগণকেই অভিভাবকের ভূমিকা পালন করতে হবে। কোথাও কোনো অনিয়ম হলে তাৎক্ষণিকভাবে আমাকে জানালে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, বিএনপির নাম ব্যবহার করে কেউ দুর্নীতি বা অনিয়মের সুযোগ নিতে পারবে না। গত ১৭ বছরে এই এলাকায় যারা আওয়ামীলীগ করতেন, তারা আঙ্গুল ফুলে কলাগাছ নয় কেউ কেউ তাল গাছ হয়েছেন। কিন্তু বিএনপিতে আঙ্গুল ফুলে সুপারী গাছ হওয়ার ব্যবস্থা নেই। কিন্তু বিএনপিতে দুর্নীতিবাজদের কোনো স্থান নেই। দলের পরিচয়ে কেউ অন্যায় করলে তাকে ছাড় দেওয়া হবে না।
নির্বাচনী অঙ্গীকারের কথা তুলে ধরে এমপি জি কে গউছ বলেন, অল্প কিছুদিনের মধ্যেই প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং ইমাম-মুয়াজ্জিন ও মন্দিরের পুরোহিতদের ভাতা প্রদানের কার্যক্রম শুরু হবে। এসব কার্ড পাইয়ে দেওয়ার নামে কেউ অর্থ দাবি করলে তাকে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিবেন। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
হুইপ জি কে গউছ আরও বলেন, বেকারত্ব দূর করতে যোগ্যতার ভিত্তিতে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হচ্ছে। চাকরির ক্ষেত্রে কোনো তদবির, রাজনৈতিক পরিচয় বা দলীয় প্রভাব বিবেচনা করা হবে না। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা হলো-যোগ্যতার ভিত্তিতেই নিয়োগ হবে। যেখানে মেধা সেখানেই চাকুরী, মেধা নাই চাকুরী নাই, সেটা বিএনপি হউক আর অন্য দলের হউক। আওয়ামীলীগ দেশের বারোটা বাজাইছে, যে লিখতে পারে না, তাকেও সরকারি চাকুরী দিয়েছে।
ইউনিয়ন বিএনপির সভাপতি শিপন আহমেদ আছকিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিলু’র পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সভাপতি আজিজুর রহমান কাজল, সাধারণ সম্পাদক সামছুল ইসলাম মতিন, সহ-সভাপতি এডভোকেট আফজাল হোসেন, সাংগঠনিক সম্পাদক এসএম মানিক, গীরেন্দ্র চন্দ্র রায়, আব্দুস শহিদ, আল আমিন, ফরিদ মিয়া, ফারুক মিয়া, ফজল মিয়া, সালাউদ্দিন, আব্দুল আহাদ, সেলিম মিয়া, জাফর উদ্দিন লাসকু, আব্দুল কাইয়ুম, সাহেব আলী প্রমুখ।