মাধবপুর পতিনিধি ॥ হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল মাধবপুর উপজেলা, পৌরসভা এবং উপজেলার ১১টি ইউনিয়ন বিএনপির তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন।
গতকাল শুক্রবার বিকেলে মাধবপুরের হোটেল হাইওয়ে ইনে অনুষ্ঠিত এ সভায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভায় নেতাকর্মীরা নিজ নিজ এলাকার বিভিন্ন সমস্যা, উন্নয়ন চাহিদা ও সাংগঠনিক বিষয় সংসদ সদস্যের সামনে তুলে ধরেন।
এমপি সৈয়দ মো. ফয়সল মনোযোগ সহকারে নেতাকর্মীদের বক্তব্য শোনেন এবং সমস্যা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।
মাধবপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন বলেন, জননেতা সৈয়দ মো. ফয়সল নিয়মিত দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। এতে নেতাকর্মীরা আরও উৎসাহিত হন এবং সাংগঠনিক কার্যক্রমে গতি আসে। গত পাঁচ মাসে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী সংসদ সদস্য স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে উন্নয়নমূলক কাজ পরিচালনা করে যাচ্ছেন। আজকের সভায় নেতাকর্মীরা খোলামেলা পরিবেশে তাদের এলাকার বিভিন্ন সমস্যা তুলে ধরার সুযোগ পেয়েছেন।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হামিদুর রহমান হামদু বলেন, নেতাকর্মীদের প্রত্যাশা অনুযায়ী নিয়মিত এ ধরনের বৈঠক আয়োজনের মাধ্যমে দলের মধ্যে ঐক্য ও সমন্বয় আরও সুদৃঢ় হয়েছে।
উপজেলা বিএনপির সভাপতি শামসুল ইসলাম কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি সৈয়দ মো. ফয়সল বলেন, “দলীয় নেতাকর্মীদের সঙ্গে পরামর্শ করেই মাধবপুর ও চুনারুঘাটের সার্বিক উন্নয়ন করার অঙ্গীকার করেছি। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে গত পাঁচ মাস ধরে নেতাকর্মী ও সাধারণ মানুষের মতামত নিয়ে জনকল্যাণমূলক কাজ করে যাচ্ছি। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা হলো স্বচ্ছতা, জবাবদিহিতা এবং নেতাকর্মীদের সম্পৃক্ততার মাধ্যমে নিজ নিজ এলাকার উন্নয়ন ত্বরান্বিত করা।”
জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মো. শাহজাহান বলেন, সরকারের প্রতি দল ও জনগণের অনেক প্রত্যাশা রয়েছে। স্থানীয় সংসদ সদস্য দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়মিত মতবিনিময়ের মাধ্যমে সেই প্রত্যাশা পূরণে কাজ করে যাচ্ছেন।