স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের বেগমপুর গ্রামে জমি দখল ও প্রায় ২০০টি মূল্যবান গাছ কেটে ফেলার অভিযোগে হবিগঞ্জে দ্রুত বিচার ট্রাইব্যুনালে একটি মামলা দায়ের করা হয়েছে। বেগমপুর গ্রামের হেলাল আহমেদের স্ত্রী সেলিনা বেগম বাদী হয়ে ১৮ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা আরও ১৫-২০ জনকে আসামি করে মামলা দায়ের করেন।
মামলা সূত্রে জানা যায়, গত ১৩ জুলাই রাতে উপজেলার করগাও ইউনিয়নের বেগমপুর মৌজার হেলাল আহমেদের মালিকানাধীন জায়গায় এই ঘটনা ঘটে। বিবাদী ফুলকাছ মিয়ার হুকুমে সুবিনয় দাশ মনি, নিকছন দাশ, এংরাজুর, সুয়েল মিয়া, আলমগীর মিয়া, জাকারিয়াগংরা সংঘবদ্ধ হয়ে দেশীয় অস্ত্রশস্ত্র ও ইলেকট্রিক করাত নিয়ে তাদের পৈতৃক সম্পত্তিতে প্রবেশ করে। এ সময় বিবাদীরা ভয়ভীতি প্রদর্শন করে জমিতে থাকা ঘর ভাংচুর করে এবং সেগুন, আকাশী, মেহগনিসহ প্রায় ২০০টি মূল্যবান গাছ কেটে ফেলে। বাদীর দাবি, এই তাণ্ডবে তাদের প্রায় ৫০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। গত ১৯ এপ্রিল বিবাদীরা পূর্বপরিকল্পনা অনুযায়ী বাদী পক্ষের ওপর হামলা চালিয়ে তাদের স্বত্ব দখলীয় জমি জবরদখল করতে আসে। সে সময় মঞ্জুর মিয়াকে বিবাদীরা হত্যা করে উল্টো বাদী পক্ষের আত্মীয়-স্বজনের বিরুদ্ধে চাপিয়ে দিয়ে মিথ্যা মামলা দায়ের করে। ওই মামলার কারণে বর্তমানে বাদী পক্ষের পুরুষ সদস্যরা জেল হাজতে রয়েছেন। বাড়ি পুরুষ শূন্য হওয়ার সুযোগ নিয়ে বিবাদীরা এই হামলা ও লুটতরাজ চালায় বলে মামলায় অভিযোগ করা হয়েছে। ঘটনার সময় ফোনের মাধ্যমে বিষয়টি জানার পর নবীগঞ্জ থানা একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে বিবাদীরা পালিয়ে যায়। এলাকাবাসীর দাবি, এলাকায় বিবাদীদের অত্যাচারে জনজীবন অতিষ্ঠ। দ্রুত বিচার ট্রাইব্যুনালে দায়ের করা এই মামলার মাধ্যমে বাদী ন্যায়বিচার এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন।