স্টাফ রিপোর্টার ॥ খোয়াই নদীর বাঁধ ভেঙ্গে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্থ হবিগঞ্জ সদর উপজেলার ১০নং লস্করপুর ইউনিয়নের বিভিন্ন সড়ক পরিদর্শন করেছেন জাতীয় সংসদের হুইপ ও হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জি কে গউছ।
গতকাল সোমবার তিনি মিরপুর-ধুলিয়াখাল সড়কসহ বন্যায় ক্ষতিগ্রস্থ বিভিন্ন সড়ক সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং সড়কগুলোর ক্ষয়ক্ষতির চিত্র দেখেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আবু জাহের, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী আহমেদ তানজীর উল্লাহ সিদ্দিকী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) এবং স্থানীয় নেতৃবৃন্দ।
পরিদর্শনকালে হুইপ জি কে গউছ বলেন, “খোয়াই নদীর বাঁধ ভেঙ্গে বন্যায় লস্করপুর ইউনিয়নের বিভিন্ন সড়ক ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। এতে এলাকার মানুষের চলাচলে দুর্ভোগ সৃষ্টি হয়েছে। জনগণের দুর্ভোগ লাঘবে ক্ষতিগ্রস্থ সড়কগুলো দ্রুত সংস্কার ও পুনর্র্নিমাণের উদ্যোগ নেয়া হয়েছে।
তিনি বলেন, বন্যার ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করা হচ্ছে। দুর্গত মানুষের পাশে আমরা আছি এবং থাকব। যেসব সড়ক ও অবকাঠামো ক্ষতিগ্রস্থ হয়েছে, সেগুলোর তালিকা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।
হুইপ জি কে গউছ আরও বলেন, খোয়াই নদীর বাঁধ ও বন্যায় ক্ষতিগ্রস্থ অবকাঠামোর বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে। জনগণের চলাচল স্বাভাবিক রাখতে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় সংস্কার কাজ সম্পন্ন করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
এ সময় স্থানীয় নেতৃবৃন্দ বন্যায় ক্ষতিগ্রস্থ সড়কগুলোর বিভিন্ন সমস্যা ও এলাকাবাসীর দুর্ভোগের কথা হুইপ জি কে গউছের কাছে তুলে ধরেন। তিনি বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত সমাধানের আশ্বাস দেন।