মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া সীমান্তে গভীর রাতে নিরাপত্তা বাতি বন্ধ করে ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পুশ-ইনের একটি চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ৫৫ বিজিবির দাবি, সদস্যদের তাৎক্ষণিক তৎপরতা, পেশাদারিত্ব এবং স্থানীয় সীমান্তবাসীর সহযোগিতায় ওই প্রচেষ্টা জিরো লাইনেই প্রতিহত করা হয় এবং সংশ্লিষ্ট ভারতীয় নাগরিকদের ভারতের অভ্যন্তরে ফেরত পাঠানো হয়। বিজিবি জানায়, গতকাল শনিবার ভোর আনুমানিক ৩টার দিকে হবিগঞ্জ ব্যাটালিয়নের তেলিয়াপাড়া বিওপির অধীন ১৯৮২ নম্বর মেইন পিলারের ১১-এস সাব-পিলার সংলগ্ন সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
বিজিবির ভাষ্য অনুযায়ী, তেলিয়াপাড়া চা বাগানের মিশন লাইন ও বালুগাঙ রাবার বাগান সংলগ্ন সীমান্ত এলাকায় হঠাৎ উচ্চ ক্ষমতাসম্পন্ন নিরাপত্তা বাতি (হাই-ভোল্টেজ সিকিউরিটি লাইট) বন্ধ হয়ে যায়। বিষয়টি স্থানীয় বাসিন্দাদের মাধ্যমে জানতে পেয়ে বিজিবির টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সীমান্তে অবস্থান নেয়। পরে অজ্ঞাতসংখ্যক ভারতীয় নাগরিককে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা প্রতিহত করা হয়।
বিজিবি জানায়, পুরো অভিযানে স্থানীয় সীমান্তবাসী সর্বাত্মক সহযোগিতা করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে সংশ্লিষ্ট ব্যক্তিদের জিরো লাইন থেকে ভারতের অভ্যন্তরে ফেরত পাঠানো হয়।
৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান গতকাল শনিবার দুপুরে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় বিএসএফের কাছে আনুষ্ঠানিকভাবে পতাকা বৈঠকের প্রস্তাব পাঠানো হয়েছে।
তিনি বলেন, সীমান্তে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ বা পুশ-ইনের চেষ্টা প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।
তিনি আরও জানান, বর্তমানে সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে ভবিষ্যতে এ ধরনের অবৈধ তৎপরতা রোধে সীমান্ত এলাকায় নজরদারি ও টহল কার্যক্রম বাড়ানো হয়েছে। দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা রক্ষায় বিজিবি সব সময় প্রস্তুত রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।