মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জ খাদ্য গুদামে ধান সংগ্রহে অনিয়ম ॥ বঞ্চিত প্রকৃত কৃষকরা হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে জাতীয় মানদণ্ডের সাথে পাঠ্যক্রমের সমন্বয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে সড়কের দুই পাশে অবৈধ স্থাপনার ছড়াছড়ি পুটিজুরী শরৎ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি গঠন ॥ খোরশেদ আলম সুজন সভাপতি মনোনীত শায়েস্তাগঞ্জে প্রাণ আরএফএল ফেক্টরীর ঠিকাদারকে জিম্মি করে টাকা ছিনতাই চুনারুঘাটে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন শহরে চোর-ডাকাতের বিরুদ্ধে অভিযান ॥ সাজাপ্রাপ্ত আসামি মামুন গ্রেফতার হবিগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে সেবা প্রত্যাশীদের চরম ভোগান্তি হবিগঞ্জ শহরে মাদক ও জুয়াড়িদের তালিকা তৈরি ॥ শিঘ্রই অভিযান হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন

বানিয়াচংয়ে বানের জলে কৃষকের স্বপ্নভঙ্গ ॥ ৫০ কোটি টাকার পাকা ধান অথৈ পানিতে

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • ১৩ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচংয়ে দিগন্তজোড়া হাওরজুড়ে এখন কেবলই পানির হাহাকার আর কৃষকের দীর্ঘশ্বাস। যে সোনালি ধানের ঘ্রাণে এখন কৃষকের আঙিনা ম ম করার কথা ছিল, সেই ধান আজ বানের জলের নিচে পচে নষ্ট হচ্ছে। গত কয়েক দিনের টানা বৃষ্টি আর উজান থেকে ধেয়ে আসা পাহাড়ি ঢলে মুহূর্তেই ফিকে হয়ে গেছে হাজারো কৃষকের সারা বছরের লালিত স্বপ্ন। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, গতকাল বুধবার পর্যন্ত বানিয়াচং উপজেলার ১৫টি ইউনিয়নের প্রায় ২ হাজার ১৪ হেক্টর জমির পাকা ধান সম্পূর্ণ পানির নিচে তলিয়ে গেছে। সরকারি হিসেবে এখন পর্যন্ত ক্ষতির পরিমাণ ৫০ কোটি টাকা ছাড়িয়ে গেলেও বাস্তবে এই ক্ষয়ক্ষতির চিত্র আরও ভয়াবহ।
স্থানীয়দের মতে, বেসরকারিভাবে এই ক্ষতির পরিমাণ শত কোটি টাকা স্পর্শ করতে পারে। হাওরে সরেজমিনে গিয়ে দেখা যায় এক হৃদয়বিদারক দৃশ্য। কোমর সমান পানিতে দাঁড়িয়ে আধা-পাকা ধান কাটার বৃথা চেষ্টা করছেন শত শত কৃষক। কেউ কেউ পচে যাওয়া ধানের শীষ হাতে নিয়ে অঝোরে কাঁদছেন। তাদের চোখে-মুখে এখন কেবলই অন্ধকার। কারণ, এই এক ফসলি ধানের ওপরই নির্ভর করে তাদের সন্তানদের লেখাপড়া, পরিবারের আহার এবং সারা বছরের বেঁচে থাকা। ক্ষতিগ্রস্ত কৃষকদের আর্তনাদ আকাশ-বাতাস ভারী করে তুলছে।
তারা জানান, চড়া সুদে মহাজন আর এনজিও থেকে ঋণ নিয়ে তারা এবার আবাদ করেছিলেন। ফসল হারিয়ে তারা এখন নিঃস্ব। ভুক্তভোগী কৃষকদের দাবি অনতিবিলম্বে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোকে “দুর্গত এলাকা” ঘোষণা করে সরকারি বিশেষ বরাদ্দ দেওয়া হোক। পাশাপাশি ঋণের কিস্তি স্থগিত এবং আগামী মৌসুমের জন্য বিনামূল্যে সার ও বীজ সরবরাহের দাবি জানিয়েছেন তারা।
এ বিষয়ে বানিয়াচং উপজেলা কৃষি অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ শাহাদুল ইসলাম এই মানবিক সংকটের সত্যতা নিশ্চিত করে বলেন, অকাল বন্যায় হাওরের পাকা ধান নিমজ্জিত হওয়ায় কৃষকরা অপূরণীয় ক্ষতির মুখে পড়েছেন। আমাদের উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ বর্তমানে প্রতিটি ক্ষতিগ্রস্ত এলাকায় গিয়ে কৃষকদের তালিকা তৈরির কাজ করছেন। এই তালিকা চূড়ান্ত হলে দ্রুত সরকারি সহায়তা ও পুনর্বাসন কার্যক্রম শুরু করা হবে। হাওরবেষ্টিত বানিয়াচংয়ের অর্থনীতি মূলত এই এক ফসলি বোরো ধানের ওপর নির্ভরশীল। ফসল হারিয়ে এখন চরম অনিশ্চয়তায় লাখো মানুষ। এই জাতীয় দুর্যোগে দিশেহারা কৃষকদের বাঁচাতে দ্রুত ও কার্যকর সরকারি হস্তক্ষেপই এখন একমাত্র ভরসা।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com