স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌর এলাকার বৃষ্টির পানি দ্রুত নিস্কাশন করার জন্য পরিচালিত পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা কাজ পরিদর্শন করেছেন হবিগঞ্জ পৌরসভার প্রশাসক মোঃ মঈনুল হক। গতকাল বুধবার বিকেলে তিনি পৌরসভার পরিচ্ছন্নতা অভিযান পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাবেদ ইকবাল চৌধুরী। ড্রেন পরিস্কারের কাজ চলাকালীন দেখা যায় বড় ড্রেনগুলোতে পলিথিন, চিপসের প্যাকেট, প্লাস্টিকের বোতল, কাপড়, ব্যাগ, ককসীট ইত্যাদি ব্যাপকহারে ফেলা হয়েছে। পৌর নির্বাহী কর্মকর্তা বলেন, ‘গত দু’মাস যাবত হবিগঞ্জ পৌরসভা পানি নিস্কাশনের গুরুত্বপূর্ন ড্রেন ও খালগুলো পরিচ্ছন্ন করে আসছে। কিন্তু দুঃখজনক হলেও সত্যি একটি ড্রেন পরিস্কার করার দু’য়েক দিনের মধ্যেই বিক্ষিপ্তভাবে আবর্জনা ফেলে ড্রেন ভরাট করে ফেলা হয়। এতে করে বৃষ্টির পানি নিস্কাশন হতে বাধার সৃষ্টি হয়। হবিগঞ্জ পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীদের প্রতিনিয়ত ড্রেনের এই ময়লা-আবর্জনার সাথে যুদ্ধ করতে হয়। প্রতিদিন আবর্জনা অপসারণই তাদের কাজ। অথচ আমরা আবর্জনা সিডিসির ভ্যানগাড়ীতে দিতে অথবা নিধারিত স্থানে ফেলতে নিয়মিত জনগনকে উদ্বুদ্ধ করে আসছি। বিগত ৩ মাস যাবত আমরা বেশ কিছু উদ্বুদ্ধকরণ সভা, পরিচ্ছন্নতা অভিযান, লিফলেট বিতরণ, মাইকিং ইত্যাদি সচেতনতামুলক কর্মসূচী পালন করে আসছি। বর্জ্য অপসারণ, ড্রেন পরিস্কার ইত্যাদির সাথে উদ্বুদ্ধকরণ কর্মসূচীও পালন করা হচ্ছে। কিন্তু দুঃখজনক হলেও ড্রেনে ময়লা-আবর্জনা ফেলা বন্ধ হয়নি।’ তিনি বলেন,‘শহরকে সুন্দর ও পরিচ্ছন্ন রাখার ক্ষেত্রে পৌরসভার পাশাপাশি পৌর নাগরিকদের ভূমিকা ও সহযোগিতা একান্ত প্রয়োজন। সবার সম্মিলিত প্রচেষ্টায়ই আমরা একটি পরিচ্ছন্ন শহর গড়ে তুলতে পারি।’ পৌর নির্বাহী কর্মকর্তা আরো বলেন,‘ এবার ফেব্রুয়ারী মাস থেকেই পৌর এলাকার পানি নিস্কাশন হওয়ার খালগুলো ও বড় ড্রেনগুলোতে পরিচ্ছন্নতা কাজ করার কারণে এত বৃষ্টির পরও স্থায়ী কোন জলজটের সৃষ্টির হয়নি। অতিরিক্ত বৃষ্টি হওয়ায় কোন কোন স্থানে সাময়িক সময়ের জন্য পানি জমা হলেও তা দ্রুত সময়ের মধ্যে নিস্কাশিত হয়েছে।