স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন ও স্বর্ণালঙ্কার আত্মসাতের অভিযোগে বান্দরবানে কর্মরত এসআই মোঃ ফজলে হাসান সজীবের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এর বিচারক সাহেদুল আলম আদেশ দেন। এসআই সজীব হবিগঞ্জ সদর উপজেলার শংকরপাশা শরীফপুর (উচাইল) গ্রামের মৃত আব্দুল মোনায়েমের ছেলে এবং ডা. শোয়েবের ভাই। মামলার বিবরণে জানা যায়, ২০২৪ সালের ১৬ ফেব্রুয়ারি পারিবারিকভাবে রৌশন আরা চৌধুরীর সঙ্গে এসআই সজীবের বিয়ে হয়। বিয়ের সময় নগদ ৫ লাখ টাকা এবং আসবাবপত্রসহ বিভিন্ন উপহার সামগ্রী দেওয়া হয়। বিয়ের পর কর্মস্থল ঢাকায় অবস্থানকালে সজীব বিভিন্ন কুঅভ্যাসে জড়িয়ে পড়েন এবং স্ত্রীর ৩ ভরি স্বর্ণালঙ্কার জোরপূর্বক নিয়ে বিক্রি করে দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরবর্তীতে মোটরসাইকেল কেনার অজুহাতে আরও ৩ লাখ টাকা যৌতুক দাবি করে স্ত্রীর ওপর অমানসিক নির্যাতন চালান। গত ৫ এপ্রিল রাতে সজীব তার গ্রামের বাড়িতে অবস্থানকালে পুনরায় ৩ লাখ টাকা দাবি করে স্ত্রীকে মারধর করেন এবং এক কাপড়ে বাড়ি থেকে বের করে দেন। এ সময় স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। বর্তমানে তিনি পিত্রালয়ে অবস্থান করছেন।
বিষয়টি মীমাংসার জন্য এলাকায় একাধিকবার সালিশ বৈঠক অনুষ্ঠিত হলেও সজীব ও তার পরিবার কোনো সিদ্ধান্ত মানেননি। এছাড়া হবিগঞ্জ জেলা বার লাইব্রেরিতে আইনজীবীদের উপস্থিতিতে তিন দফা সালিশি বৈঠক হলেও সেখানে কোনো আপোষ-মীমাংসা হয়নি। আদালত থেকেও বিষয়টি আপোষে নিষ্পত্তির জন্য একাধিকবার সময় দেওয়া হলেও অভিযুক্ত সজীব তা উপেক্ষা করেন বলে অভিযোগ রয়েছে। বাদীপক্ষে মামলা পরিচালনা করেন এডভোকেট চৌধুরী আশরাফুল বারী নোমান ও খায়রুল ইসলাম সোমায়েল। আসামি পক্ষে ছিলেন শাহীন মিয়া খন্দকার। বাদীনের আরজিতে আরও উল্লেখ করা হয়, পুলিশের এসআই পদে কর্মরত থাকায় সজীব নিজেকে আইনের ঊর্ধ্বে মনে করে বিভিন্ন সময় ভুক্তভোগী ও তার পরিবারকে হুমকি দিয়েছেন। তিনি বলেন, “পুলিশের চাকরি করি, আমার বিরুদ্ধে কিছু করে লাভ হবে না। বেশি বাড়াবাড়ি করলে মিথ্যা মামলায় ফাঁসিয়ে আত্মীয়-স্বজনকে শিক্ষা দেওয়া হবে।”
দীর্ঘ চেষ্টার পরও আসামি কোনো সমঝোতায় না আসায় আদালত মামলাটি আমলে নিয়ে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। অভিযুক্ত সজীব বর্তমানে বান্দরবান জেলায় কর্মরত থাকায় ভুক্তভোগী পরিবার পুলিশের আইজিপি ও বান্দরবান জেলার পুলিশ সুপারের কাছে তাকে দ্রুত গ্রেফতার এবং বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। রওশন আরা চৌধুরী শায়েস্তাগঞ্জ উপজেলার ব্রাহ্মণডোরা গ্রামের মৃত মস্তোফা হোসেন চৌধুরীর কন্যা।