স্টাফ রিপোর্টার ॥ লাখাই উপজেলায় কাবিখা প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগে সাবেক উপজেলা চেয়ারম্যান মুশফিউল আলম আজাদসহ ৬ জনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলা দায়ের করেছে। চারটি ইউনিয়নের ৮টি প্রকল্পের মাধ্যমে ৩৪ লক্ষাধিক টাকা আত্মসাতের অভিযোগে গত বৃহস্পতিবার (২২ জানুয়ারি) হবিগঞ্জ আমলী আদালতে মামলাটি দায়ের করা হয়।
মামলাটি দায়ের করেন দুর্নীতি দমন কমিশনের সমন্বিত হবিগঞ্জ জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক ও তদন্ত কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান।
দুদক সূত্রে জানা যায়- ২০২২-২০২৩ অর্থবছরে লাখাই উপজেলার করাব, বুল্লা, বামৈ ও মুড়িয়াউক ইউনিয়নের ৩, ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে মোট ৮টি কাবিখা প্রকল্পের আওতায় গ্রামীণ রাস্তা নির্মাণের জন্য বরাদ্দ দেওয়া হয়। অভিযোগ রয়েছে, এসব প্রকল্পের নামে বাস্তবে কাজ না করে অথবা নামমাত্র কাজ করে প্রকল্পের পুরো অর্থ আত্মসাৎ করা হয়।
মামলার আসামিরা হলেন- সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মুশফিউল আলম আজাদ, সাবেক প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আলী নুর, বুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট খোকন চন্দ্র গোপ, করাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল কুদ্দুস, মুড়িয়াউক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নোমান মিয়া ও বামৈ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাদ হোসেন ফুরুক।
মামলার বিবরণে উল্লেখ করা হয়- অভিযুক্তরা পরস্পরের যোগসাজশে মুড়িয়াউক ইউনিয়নের দুইটি রাস্তায় ১২ লাখ ৪ শত টাকা, বুল্লা ইউনিয়নের দুইটি রাস্তায় ৮ লাখ ৮৭ হাজার ৮৪৭ টাকা, করাব ইউনিয়নের দুইটি রাস্তায় ৮ লাখ ২০ হাজার ৬৯৪ টাকা এবং বামৈ ইউনিয়নের দুইটি রাস্তায় ৫ লাখ ২৬ হাজার ২৫৮ টাকা আত্মসাৎ করেন।
এ বিষয়ে বামৈ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাদ হোসেন ফুরুক বলেন- আমি কোনো অনিয়ম বা অর্থ আত্মসাতের সঙ্গে জড়িত নই। তদন্তে প্রমাণ পেলে অর্থ ফেরত দিতে প্রস্তুত আছি।
বুল্লা ইউনিয়নের চেয়ারম্যান এডভোকেট খোকন চন্দ্র গোপের দাবি- তিনি নিয়মানুযায়ী কাজ করেছেন। কোন অনিয়ম হয়নি। তবে কাজ শেষ হওয়ার পর বন্যার কারণে রাস্তার ক্ষতি হওয়ায় কাজ কম মনে হতে পারে।
সাবেক প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আলী নুর বলেন- দুই বছর পর পরিমাপ করলে মাটির পরিমাণ কম দেখা যাওয়া স্বাভাবিক।
এ বিষয়ে দুদকের তদন্ত কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান বলেন- লাখাই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. সিরাজুল ইসলামের দায়ের করা মামলার প্রেক্ষিতে আদালতের নির্দেশে তদন্ত করা হয়। প্রকৌশলীদের মাধ্যমে নিরপেক্ষভাবে তদন্ত সম্পন্ন করে প্রাথমিক তথ্যের ভিত্তিতে মামলা দায়ের করা হয়েছে। দোষীরা যেন কোনোভাবেই পার না পায়, সে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
এর আগে ২০২৪ সালের ১৪ জুন লাখাই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম হবিগঞ্জের স্পেশাল জজ ও দায়রা জজ আদালতে একটি দরখাস্ত মামলা দায়ের করেন। ওই মামলায় তিনি অভিযোগ করেন, ৮টি কাবিখা প্রকল্পে প্রায় ২ কোটি ১৬ লাখ টাকা মূল্যের ৫৪০ মেট্রিক টন চাল আত্মসাৎ করা হয়েছে। আদালত ওইদিনই দুদককে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
পরবর্তীতে তদন্তে দেখা যায়- উপজেলার চার ইউনিয়নের বিভিন্ন স্থানে প্রকল্পগুলোর বাস্তব কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। তবুও সংশ্লিষ্টরা বরাদ্দের অর্থ উত্তোলন করে নেন। এ বিষয়ে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কাছে জানতে চাইলে তিনি ফাইল না পাওয়ার কথা জানান, যা নিয়ে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়। প্রথমে দৈনিক প্রভাকর এই দুর্নীতি নিয়ে প্রতিবেদন প্রকাশ হয়। পরে প্রথম আলোসহ দেশের একাধিক জাতীয় গণমাধ্যমেও ফলাও করে খবরটি আসে। যা নিয়ে লাখাই উপজেলাসহ হবিগঞ্জে ব্যাপক প্রতিক্রিয়ার তৈরি হয়।