মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচংয়ে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ ইকবাল মিয়া (৩২) নামে এক যুবককে আটক করা হয়েছে। গতকাল রবিবার (২৫ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে উপজেলার ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়নের যাত্রাপাশা গ্রামে এ অভিযান পরিচালিত হয়।
সেনাবাহিনী সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে যাত্রাপাশা এলাকায় কতিপয় ব্যক্তির কাছে অবৈধ আগ্নেয়াস্ত্র থাকার খবর পায় সেনাবাহিনী। এরই প্রেক্ষিতে গভীর রাতে ওই গ্রামের মৃত আবদুল মতিনের ছেলে ইকবাল মিয়ার বসতঘরে ঝটিকা অভিযান চালানো হয়। অভিযানে ঘর তল্লাশি করে একটি অবৈধ আগ্নেয়াস্ত্র এবং বিপুল পরিমাণ তাজা গুলি উদ্ধার করা হয়। এসময় হাতেনাতে ইকবাল মিয়াকে আটক করেন সেনাসদস্যরা।
অভিযানে নেতৃত্ব দেওয়া সেনা সূত্র জানায়, আটককৃত ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের জন্য বানিয়াচং থানায় হস্তান্তর করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্রের উৎস এবং এর পেছনে কোনো সংঘবদ্ধ অপরাধী চক্র বা নাশকতা সৃষ্টির পরিকল্পনা ছিল কি না, তা গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে, বানিয়াচংয়ে সেনাবাহিনীর এই সাহসী ও সফল অভিযানকে স্বাগত জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী। সাধারণ মানুষ মনে করছেন, এ ধরনের নিয়মিত অভিযান জনমনে স্বস্তি ফেরাবে এবং অপরাধীদের জন্য কঠোর বার্তা হিসেবে কাজ করবে।
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখা এবং অবৈধ অস্ত্র নির্মূলে তাদের এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।