স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনীত জাতীয় সংসদ সদস্য প্রার্থী এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জি কে গউছ বলেছেন- হবিগঞ্জ একটি শান্তি প্রিয় শহর। এই শহরে সকল দল ও ধর্মের মানুষ অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বসবাস করে আসছে। কিন্তু দুঃখজনকভাবে একটি চক্র বারবার এ শহরের শান্ত পরিবেশ নষ্ট করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। গত দুই দিন ধরে হবিগঞ্জ শহরের শায়েস্তানগর ও মোহনপুর এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যেসব দাঙ্গা-ফ্যাসাদ সৃষ্টি করা হয়েছে, তা কোনোভাবেই স্বাভাবিক ঘটনা নয়। এটি সুস্পষ্টভাবে একটি সংগঠিত ষড়যন্ত্র, যার মাধ্যমে শহরকে উত্তপ্ত করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার অপচেষ্টা চালানো হচ্ছে। এই চক্রের কর্মকান্ডে সাধারণ মানুষ আতঙ্কগ্রস্থ এবং এলাকার স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। যা সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত। তিনি গতকাল বৃহস্পতিবার সংবাদ পত্রে প্রেরিত এক বিবৃতিতে বলেন- যারা সমাজে দাঙ্গা-ফ্যাসাদ সৃষ্টি করছে তারা সমাজের নিকৃষ্ট প্রকৃতির লোক। এদের সঙ্গে কোনো রাজনৈতিক দলের সম্পর্ক নেই। কোনো দুষ্টচক্রের কর্মকান্ডের দায় বিএনপি নিবে না। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে অন্যের এজেন্ডা বাস্তবায়নের লক্ষ্যে তারা শক্তি প্রদর্শনের মাধ্যমে পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা করছে। জি কে গউছ বলেন- আমি দলের পক্ষ থেকে দেশপ্রেমিক সেনাবাহিনী, পুলিশ প্রশাসন ও আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর প্রতি উদাত্ত আহবান জানাচ্ছি যারা দাঙ্গা-ফ্যাসাদ সৃষ্টি করছে, তারা যেই হোক তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করুন। কোনো কারণে নির্বাচনী পরিবেশ নষ্ট হলে এর দায় প্রশাসন এড়াতে পারে না।