স্টাফ রিপোর্টার ॥ ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, স্বার্থান্বেষী একটি মহল দেশকে বারবার চুরির চ্যাম্পিয়ন করেছে। এরা দেশের অর্থ বিদেশে পাচার করে কানাডাসহ বিভিন্ন দেশে বেগমপাড়া তৈরি করেছে। তিনি বলেন, “দেশ ও মানবতার পক্ষে সবাই একত্রিত হলে চাঁদাবাজরাও শেখ হাসিনার মতো পালাতে বাধ্য হবে।” গতকাল মঙ্গলবার বিকেলে হবিগঞ্জ পৌরসভা মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘পিআর পদ্ধতি ও জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন’সহ বিভিন্ন দাবিতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। চরমোনাই পীর বলেন, “আমাদের দাবি ছিল মৌলিক সংস্কার, দৃশ্যমান বিচার এবং পরে জাতীয় নির্বাচন। কিন্তু কোনোটিই বাস্তবায়িত হয়নি। নরসিংদীতে এক পুলিশ কর্মকর্তা চাঁদাবাজি বন্ধের ঘোষণা দেওয়ায় মার খেয়েছেন, অপমানিত হয়েছেন। এ অবস্থায় নির্বাচন হলে দেশে গুন্ডাতন্ত্রের উত্থান হবে, চাঁদাবাজি বাড়বে, আরও মায়ের কোল খালি হবে।” তিনি আরও বলেন, “মানুষ এখন ইসলামের পক্ষে একটি শক্তি চায়। আমরা সেই লক্ষ্যেই কাজ করছি। ইসলামি ও সমমনা দলগুলোকে একত্র করে একটি বৃহত্তর ঐক্য গড়ে তোলাই সময়ের দাবি।” সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ হবিগঞ্জ জেলা সভাপতি মাওলানা মহিব উদ্দিন আহমদ সোহেল। সাধারণ সম্পাদক শামছুল হুদার সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা ইমতিয়াজ আলম, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা মাহমুদুল হাসান, মুফতি তাজুল ইসলাম, শেখ হাদীসুর রহমান রূহানী ও কামাল উদ্দিন আহমদ প্রমুখ।
সমাবেশ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে চরমোনাই পীর বলেন, “দেশের কল্যাণের জন্য ২০০৮ সালেই আমরা পিআর পদ্ধতির নির্বাচন দাবি করেছিলাম। বর্তমান ব্যবস্থায় ফ্যাসিস্ট চরিত্রের সরকার তৈরি হয়, কালো টাকার দৌরাত্ম্যে সাধারণ মানুষ ভোট দিতে পারে না, ভোটের সঠিক মূল্যায়নও হয় না। পিআর পদ্ধতিতে নির্বাচন হলে প্রতিটি দলের প্রতিনিধি সংসদে যাওয়ার সুযোগ পাবে, কালো টাকার প্রভাব কমবে এবং সুষ্ঠু গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে।” তিনি আরও বলেন, “আমরা পিআর পদ্ধতির দাবিতে শেষ পর্যন্ত অটল থাকব। যদি সরকার না মানে, তবে গণভোটের দাবি তুলব। গণভোটের মাধ্যমে জনগণের মতামত জানতে চায় ইসলামী আন্দোলন বাংলাদেশ, এরপর দেশের অবস্থা বিবেচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।”