স্টাফ রিপোর্টার ॥ পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন, সবকিছুই সাংবিধানিকভাবে সময়ে করার বিধান আছে। যদি নির্বাচনের কোন বিষয় হয় তবে এটি অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয়। তার জন্য নির্ধারিত পন্থা আছে, সময় আছে। সেখানে তারিখ দেয়ার অধিকার নির্বাচন কমিশনের। কবে নির্বাচন হবে বা না হবে সেই বিষয়ে বিভিন্ন পদক্ষেপ নেয়ার অধিকার নির্বাচন কমিশনের আছে। আমরা সরকারে আছি আমরাও নির্বাচন কমিশনের নির্দেশাবলি মানতে বাধ্য। সুতরাং কে বলল যে অমুক তারিখে এটি হবে, সেটি হবে এগুলো নিছক রাজনৈতিক বক্তব্য। হয়তো কাউকে খুশি করার জন্য বলেছেন। সেটি তাদের ব্যাপার। আমরা মনে করি নিয়মতান্ত্রিকতার মধ্যে আসতেই হবে। আওয়ামী লীগ যেভাবে গত কয়েক বছরে উন্নয়নের ধারা অব্যাহত রেখেছে সেটি প্রতিহত করা কারও জন্যই মঙ্গলের হবেনা। জনগণও এ ধরণের চেষ্টা বাস্তবায়িত হবে দেবেনা। তারাই সেটি রুখে দেবে।
গতকাল হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা ও পরবর্তীতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এসব কথা বলেন।
পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেছেন, দেশের ক্ষতি হয় এমন সকল বিধ্বংসী কাজ করলে জনগণই রুখে দেবে। কোন তারিখ করে এই হবে সেই হবে বললে চলবে না। বর্তমান আওয়ামীলীগ সরকার দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছে যাবে। কেউ বাধাগ্রস্থ করতে পারবে না। গতকাল শনিবার বিকেলে হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ইতোপুর্বে শহরকে যে প্রাধান্য দেয়া হতো গ্রামকে সেই সুযোগ সুবিধা দেয়া হতো না। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই ধারা ভেঙ্গে দিয়েছেন। গ্রাম ও শহরের মধ্যে প্রার্থক্য কমিয়ে এনেছেন। গ্রামগঞ্চলকে প্রধান্য দিয়ে আমাদের কাজ করতে নির্দেশনা দিয়েছেন। তিনি আরো বলেন, বিএনপির বিশৃংখল রাজনীতির কারণে দেশের শ্রমজীবী মানুষদের জীবনের উপর ক্ষতিকর প্রভাব পড়ে। বিএনপি হাকডাক দিয়ে বিভিন্ন স্থানে সমাবেশ করেছে। কিন্তু আওয়ামী লীগের দুটি সমাবেশ দেখেই তাদের চোখ অন্ধকার হয়ে গেছে। তারা এখন বুঝতে পেড়েছে, আওয়ামী লীগকে মোকাবিলা করার শক্তি তাদের নেই।
মন্ত্রী হবিগঞ্জ প্রেসক্লাবের উন্নয়নে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি রাসেল চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাশেদ আহমদ খান এবং যুগ্ম সাধারণ সম্পাদক পাভেল খান চৌধুরীর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভার শুরুতেই মন্ত্রী এম এ মান্নানকে ফুলের তোড়া ও ক্রেষ্ট দিয়ে শুভেচ্ছা জানান সাংবাদিক নেতৃবৃন্দ। মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি, গাজী শাহ নওয়াজ মিলাদ এমপি, হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম, অতিরিক্তি জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ রফিকুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা, হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ আলমগীর চৌধুরী। এতে অন্যান্যের মধ্যে বক্তব্যে রাখেন হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মনসুর উদ্দিন আহমেদ ইকবাল ও মোঃ ফজলুর রহমান প্রমূখ।