মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলায় এক রাতেই পাশাপাশি তিনটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটেছে। গতকাল রোববার রাতে উপজেলার বহরা ইউনিয়নের দলগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং চৌমুহনী ইউনিয়নের কালিকাপুর ও গোপীনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ চুরির ঘটনা ঘটে। এতে বিদ্যালয়গুলোর নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে।
জানা গেছে, দুর্বৃত্তরা বিদ্যালয়গুলোর তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে বিদ্যালয়ের ওয়াশ ব্লকের পানির ট্যাপসহ বিভিন্ন মূল্যবান সরঞ্জাম চুরি করে নিয়ে যায়। প্রয়োজনীয় সরঞ্জাম চুরি হওয়ায় বিদ্যালয়গুলোর স্বাভাবিক শিক্ষা কার্যক্রম পরিচালনায় ভোগান্তির আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। এ ঘটনায় তিনটি বিদ্যালয়ের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন মাধবপুর-চুনারুঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. রাফিউর রহমান।
স্থানীয়দের ধারণা, মাদকাসক্ত কিছু ব্যক্তি রাতে বিদ্যালয়গুলোতে প্রবেশ করে মাদক সেবনের পর বিভিন্ন সরঞ্জাম চুরি করে থাকতে পারে। কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাসিমা আক্তার ক্ষোভ প্রকাশ করে বলেন, চুরির যন্ত্রণায় আমরা অতিষ্ঠ। আমরা পড়াব, নাকি চোর পাহারা দেব, এখন পানির লাইনের সরঞ্জাম চুরি হওয়ায় শিক্ষার্থী ও শিক্ষকদের বড় ধরনের ভোগান্তিতে পড়তে হবে।
গোপীনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রুবিনা আক্তার বলেন, আমাদের বিদ্যালয়ে কোনো নৈশপ্রহরী নেই। দ্রুত বরাদ্দ দিয়ে চুরি হওয়া সরঞ্জামগুলো পুনরায় স্থাপনের ব্যবস্থা করা হোক।
এ বিষয়ে সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মশিউর রহমান বলেন, বিদ্যালয়গুলোকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার পরামর্শ দেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণে তাঁরা সর্বাত্মক সহযোগিতা করছেন। সার্কেল এএসপির ঘটনাস্থল পরিদর্শন ইতিবাচক প্রভাব ফেলবে বলেও তিনি আশা প্রকাশ করেন। মাধবপুর-চুনারুঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রাফিউর রহমান বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং লিখিত অভিযোগ পেয়েছি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।