স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের আনোয়ারপুর এলাকা থেকে খাদ্যবান্ধব কর্মসূচির ৫৮ বস্তা সরকারি চালসহ ৩টি ইজিবাইক জব্দ করেছে পুলিশ। এ সময় ৩ ইজিবাইক চালককে আটক করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার বিকালে চাল পাচারের খবর পেয়ে হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে এসব চাল ও ইজিবাইক জব্দ করে। পুলিশ জানায়, হবিগঞ্জ সদর মডেল থানার এসআই হাবিবের নেতৃত্বে পরিচালিত অভিযানে তিনটি ইজিবাইক থেকে ২০ কেজি ওজনের ৫৮ বস্তা চাল উদ্ধার করা হয়। এ সময় তিন ইজিবাইক চালককেও আটক করা হয়। আটক চালকদের জিজ্ঞাসাবাদে জানা যায়, দুর্লভপুর এলাকার ডিলার হালিম মিয়া তাদের এসব চাল দিয়েছেন। ঘটনার পর থেকে ডিলার হালিম মিয়া পলাতক রয়েছেন।
হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক বলেন, ডিলার অবৈধভাবে পাচারের উদ্দেশ্যে চালগুলো শহরে নিয়ে আসার চেষ্টা করছিলেন। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে ২০ কেজি ওজনের ৫৮ বস্তা চাল জব্দ করেছে। এ ঘটনায় তিন চালককে আটক করে মামলা করা হয়েছে।