মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচংয়ে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে দুইটি ড্রেজার মেশিন এবং প্রায় ৫০০ ফুট পাইপ বিনষ্ট করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা ৩টার দিকে উপজেলার সুবিদপুর ইউনিয়নের প্রতাপপুর গ্রামে এই অভিযান পরিচালিত হয়। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহরাব হোসাইনের নেতৃত্বে এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। সূত্রে জানা যায়, প্রতাপপুর গ্রামে বেআইনিভাবে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করা হচ্ছে এমন খবরের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। অভিযানে অবৈধভাবে স্থাপিত দুইটি ড্রেজার মেশিন এবং বালু উত্তোলনের কাজে ব্যবহৃত আনুমানিক ৫০০ ফুট পাইপ ধ্বংস করা হয়। তবে অভিযান চলাকালে মালিকপক্ষের কাউকে ঘটনাস্থলে না পাওয়ায় কাউকে অর্থদণ্ড বা কারাদণ্ড প্রদান করা সম্ভব হয়নি।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মেহরাব হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জনস্বার্থে এবং পরিবেশ রক্ষায় অবৈধ ড্রেজার ও বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।