স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জে বিচ্ছু (ছেলা) কামড়ে সৌরভ দেবনাথ (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার (৯ অক্টোবর) দুপুরে উপজেলার জলসুখা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পাটুলীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সৌরভ দেবনাথ ওই গ্রামের নাথহাটির নিপেক্ষা দেবনাথের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর আনুমানিক ১টার দিকে সৌরভ নদীর পাড়ে গরুর খাবারের জন্য কচুরিপানা কাটতে যান। এ সময় কচুরিপানা কাটার এক পর্যায়ে কাঁকড়ার মতো দেখতে একটি বিচ্ছু তাঁকে কামড় দেয়। সৌরভের চিৎকার শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। তখন তিনি তাঁদের জানান, কাঁকড়ার মতো দেখতে একটি বিচ্ছু তাঁকে কামড় দিয়েছে। পরে স্বজনরা দ্রুত তাঁকে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালে নেওয়ার পথেই মৃত্যু কোলে ঢলে পরে সৌরভ। হাসপাতালে নেওয়ার পর সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।