স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে বিশেষ অভিযান চালিয়ে ২৮ দশমিক ৩ কেজি গাঁজা ও এক বোতল বিদেশি মদসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৯)। গতকাল মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোররাতে উপজেলার গাজীপুর ইউনিয়নের ইকরতলী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন ইকরতলী গ্রামের মো. বাতেন মিয়ার ছেলে মো. শাহিন মিয়া (২৫), মৃত আ. লতিফের ছেলে মো. রনি মিয়া (২৪) এবং মহরম আলীর ছেলে মো. ইকবাল হোসেন (২১)। এসআরবি-৯ সূত্রে জানা যায়, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের (সিপিসি-৩) একটি আভিযানিক দল চুনারুঘাটের সাদ্দাম বাজার এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, ইকরতলী গ্রামের একটি বসতবাড়িতে মাদক কেনাবেচার উদ্দেশ্যে কয়েকজন অবস্থান করছে। পরে রাত আনুমানিক দেড়টায় সেখানে অভিযান চালানো হয়। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে চারজন পালানোর চেষ্টা করলে ধাওয়া করে তিনজনকে আটক করা হয়। অপর একজন পালিয়ে যায়। পরে আটক ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে বসতঘরের ভেতরে থাকা দুটি সাদা প্লাস্টিকের বস্তা থেকে খাকি রঙের স্কচটেপে মোড়ানো ২৮ দশমিক ৩ কেজি গাঁজা ও এক বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানায়, পলাতক সহযোগীর সঙ্গে যোগসাজশে সীমান্তবর্তী এলাকা থেকে এসব মাদক সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিল তারা। এসআরবি-৯-এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, গ্রেপ্তারকৃত তিনজন ও পলাতক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। পরে গ্রেপ্তারকৃত আসামি ও জব্দকৃত আলামত চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে এসআরবি-৯-এর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।