স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ রেলওয়ে ডিসপেনসারিটি দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন রেলওয়ের কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের সদস্যরা। চিকিৎসাসেবা নিশ্চিত করার দাবিতে একাধিকবার মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করা হলেও এখন পর্যন্ত কোনো কার্যকর সমাধান হয়নি।
জানা যায়, শায়েস্তাগঞ্জ, শাহজীবাজার, নোয়াপাড়া, মনতলা, হরষপুর ও রশিদপুর রেলওয়ে স্টেশনসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের চিকিৎসাসেবার একমাত্র ভরসা ছিল শায়েস্তাগঞ্জ রেলওয়ে ডিসপেনসারি। কিন্তু দীর্ঘদিন ধরে এটি বন্ধ থাকায় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন সংশ্লিষ্টরা। ডিসপেনসারিটি চালু না থাকায় সাধারণ চিকিৎসা ও জরুরি প্রয়োজনে তাদের বাইরে গিয়ে চিকিৎসা নিতে হচ্ছে।
এদিকে, ডিসপেনসারিটি চালু এবং প্রয়োজনীয় চিকিৎসক ও ফার্মাসিস্ট নিয়োগের দাবিতে অতীতেও রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীরা মানববন্ধন করেছেন। কিন্তু বারবার দাবি জানানো সত্ত্বেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে দৃশ্যমান কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে।
ভুক্তভোগীদের দাবি, দ্রুত শায়েস্তাগঞ্জ রেলওয়ে ডিসপেনসারিটি সংস্কার করে পুনরায় চালু করতে হবে। পাশাপাশি স্থায়ী চিকিৎসক ও ফার্মাসিস্ট নিয়োগ দিয়ে কর্মকর্তা-কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে। দীর্ঘদিনের এ সমস্যার স্থায়ী সমাধানে রেলওয়ে কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা।