স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জে অভিযান চালিয়ে ৩২ কেজি গাঁজাসহ মো. আলম মিয়া (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৯)। এ সময় গাঁজা পরিবহনে ব্যবহৃত একটি নোয়াহ্ গাড়ি জব্দ করা হয়। গতকাল শুক্রবার (৩০ অক্টোবর) ভোর ৪টায় উপজেলার দেবপাড়া ইউনিয়নে ঢাকা-সিলেট মহাসড়কে চেকপোস্ট বসিয়ে এ অভিযান চালানো হয়।
এসআরবি-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া অফিসার কেএম শহিদুল ইসলাম সোহাগ জানান, একটি কালো নোয়াহ্ গাড়ি থামানোর সংকেত দিলে এক ব্যক্তি পালানোর চেষ্টা করেন। পরে তাকে আটক করে জিজ্ঞাসাবাদে তার দেখানো মতে গাড়ির সিটের ভেতর থেকে দুটি বস্তায় রাখা ৩২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার আলম মিয়া মাধবপুর উপজেলার মেহেরপুর গ্রামের মৃত তৌহিদ মিয়ার ছেলে। তিনি সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে। পরে তাকে ও জব্দ করা আলামত নবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।